ঢাকা, সোমবার, ১ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন

ঈদযাত্রায় পদ্মা-যমুনা সেতুতে টোল আদায় ৬৩ কোটি ৮০ লাখ টাকা

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু দিয়ে প্রায় ৬ লাখ ৮০ হাজার যানবাহন চলাচল করেছে। এ সময়ে দুই সেতু থেকে মোট ৬৩ কোটি ৮০ লাখ ৫০ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

রোববার (৩১ মে) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ থেকে ৩০ মে পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ৩ লাখ ১৮ হাজার ৫১৫টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় সেতুটি থেকে টোল আদায় হয়েছে ৩৬ কোটি ১১ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা।

একই সময়ে যমুনা সেতু দিয়ে চলাচল করেছে ৩ লাখ ৬১ হাজার ৪৮২টি যানবাহন। এ সেতু থেকে টোল আদায় হয়েছে ২৭ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ কার্যকর ভূমিকা রেখেছে। যানবাহনের চাপ তুলনামূলক বেশি থাকলেও কোথাও বড় ধরনের দুর্ঘটনা বা দীর্ঘস্থায়ী যানজটের ঘটনা ঘটেনি।

সেতু কর্তৃপক্ষ আরও জানায়, সুপরিকল্পিত প্রস্তুতি, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টার ফলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ