ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

ঈদযাত্রা: আজ মিলছে ২৬ মে’র ট্রেনের অগ্রিম টিকিট

আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে ধরে ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থায় পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে।

শনিবার (১৬ মে) সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর ২৬ মে যাত্রার আসনের টিকিট বিক্রি শুরু হয়। একই দিনের পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।

রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, এবার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। ফলে কাউন্টারে অগ্রিম আসনের টিকিট পাওয়া যাবে না। যাত্রীরা রেলওয়ের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।

এর আগে গত ১৩ মে ২৩ মে যাত্রার, ১৪ মে ২৪ মে যাত্রার এবং ১৫ মে ২৫ মে যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে। আগামী ১৭ মে বিক্রি করা হবে ২৭ মে যাত্রার টিকিট।

রেলওয়ে জানিয়েছে, ঈদের সম্ভাব্য তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করায় ২৮, ২৯ ও ৩০ মে যাত্রার টিকিট পরে বিশেষ ঘোষণা অনুযায়ী বিক্রি করা হবে।

ঈদযাত্রায় টিকিট ব্যবস্থাপনায় কিছু নতুন নির্দেশনাও দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়া ঈদের অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড করা যাবে না।

অন্যদিকে যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে এই সুবিধা শুধুমাত্র সাধারণ শ্রেণির যাত্রীদের জন্য প্রযোজ্য, উচ্চ শ্রেণির ক্ষেত্রে স্ট্যান্ডিং টিকিট থাকবে না।

প্রতি বছরের মতো এবারও ঈদকে সামনে রেখে ট্রেনে ঘরে ফেরার চাপ বাড়তে শুরু করেছে। টিকিট বিক্রি শুরুর পর থেকেই অনলাইন প্ল্যাটফর্মে যাত্রীদের ব্যাপক চাপ দেখা গেছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত নিরাপত্তা, মনিটরিং ও বিশেষ ব্যবস্থার কথাও জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ