২০২৬ সালের প্রথম প্রান্তিকের সমাপ্তিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি নিশ্চিত করেছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। উল্লেখিত সময়কালে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা (এনপিএটি) ছিল ৬২.২৫ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেশি।
প্রথম প্রান্তিকের প্রতিটি সূচকেই শীর্ষ এনবিএফআই’টির লাভজনকতা ও মূলধনের কার্যকর ব্যবহারের প্রতিফলন দেখা গেছে। আলোচ্য প্রান্তিকে আইডিএলসি’র রিটার্ন অন ইক্যুইটি (আরওই) ১১.২৬ শতাংশ। রিটার্ন অন অ্যাসেটস (আরওএ) দাঁড়িয়েছে ১.৩৬ শতাংশে, যা সম্পদভিত্তিক আয় তৈরিতে প্রতিষ্ঠানটির দক্ষতার ইঙ্গিত দেয়। শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে হয়েছে ১.৪৩ টাকা, যা ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ছিল ১.১৭ টাকা।
একক (স্ট্যান্ডালোন) ভিত্তিতে আইডিএলসি’র গ্রাহক আমানত ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে মোট ১১ হাজার ৩ কোটি টাকায়। একই সময়ে আইডিএলসি ১২ হাজার ৬০ কোটি টাকার একটি সুসংগঠিত ঋণ পোর্টফোলিও বজায় রাখতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠানটির মন্দ ঋণের হার (এনপিএল) ২০২৫ সালের একই সময়ের ৪.৬০ শতাংশ থেকে কমে ৪.৪৪ শতাংশে নেমে এসেছে, সেই সাথে ১০৮ শতাংশ প্রভিশন কভারেজ রেশিও’র মাধ্যমে ঝুঁকি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও আর্থিক ভিত্তির সুরক্ষা নিশ্চিতে পূর্ণ প্রতিশ্রুতি বজায় রেখেছে আইডিএলসি।
আইডিএলসি’র সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সমূহ – আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড, এবং আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড – ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সাফল্যের অনুরূপ ধারাবাহিকতা বজায় রেখেছে। এই সম্মিলিত অবদান আইডিএলসি গ্রুপের বাজার অবস্থান আরো দৃঢ় করেছে এবং গ্রুপের বহুমাত্রিক ব্যবসায় কাঠামোর কার্যকারিতাকে আরও দৃশ্যমান করেছে।
৬ মে ২০২৬ তারিখে ঢাকার গুলশানে অবস্থিত আইডিএলসি কর্পোরেট হেড অফিসে প্রতিষ্ঠানের ৩৬৬তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ২০২৬ সালের প্রথম প্রান্তিকের আর্থিক বিবরণী অনুমোদিত হয়।

আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম জামাল উদ্দিন বলেন, “বছরের প্রথম প্রান্তিকে ২২ শতাংশ প্রবৃদ্ধি প্রমাণ করে, কৌশলগতভাবে আমরা সঠিক দিকেই এগিয়ে যাচ্ছি। শক্তিশালী ঋণ পোর্টফোলিও, অ্যাসেট কোয়ালিটির উন্নতি এবং সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোর কার্যকর অবদান – সব মিলিয়ে একটি সফল বছর কাটানো জন্য আমরা আত্মবিশ্বাসী রয়েছি”।
আইডিএলসি ফাইন্যান্সের চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার বলেন, “আইডিএলসি’র অগ্রযাত্রার চালিকাশক্তি হিসেবে কাজ করছে প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা। গ্রাহকদের বিশ্বাসকে পুঁজি করেই আমরা ২০২৬ সালের প্রথম প্রান্তিকে অনন্য প্রবৃদ্ধি অর্জন করেছি, এবং আগামীতেও আমরা একই রকম সতর্কতা আর ধারাবাহিকতার সাথে সুনির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে আমাদের অংশীজনদের জন্য দীর্ঘমেয়াদে ইতিবাচক ফলাফল বয়ে আনার উদ্দেশ্যে কাজ করে যেতে চাই”।
৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রান্তিকের উল্লেখযোগ্য সূচকসমূহ:
কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা (এনপিএটি): ৬২.২৫ কোটি টাকা (২২% বার্ষিকীকৃত প্রবৃদ্ধি)
শেয়ার প্রতি আয় (ইপিএস): ১.৪৩ টাকা (২০২৫ সালের একই সময়ে ছিল ১.১৭ টাকা)
রিটার্ন অন ইক্যুইটি (আরওই) (বার্ষিকীকৃত): ১১.২৬% (২০২৫ সালের একই সময়ে ছিল ১০.০২%)
রিটার্ন অন অ্যাসেটস (আরওএ): ১.৩৬% (২০২৫ সালের একই সময়ে ছিল ১.৩৪%)
আইডিএলসি ফাইন্যান্স পিএলসি প্রসঙ্গে
বাংলাদেশের সর্ববৃহৎ মাল্টি-প্রোডাক্ট, মাল্টি-সেগমেন্ট নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। ১৭ শ’রও বেশি কর্মীবাহিনী নিয়ে আইডিএলসি দেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই), কনজ্যুমার, এবং কর্পোরেট খাতে বিস্তৃত পরিসরে আর্থিক সেবা প্রদান করে যাচ্ছে। পাশাপাশি, প্রতিষ্ঠানটি মূলধন বাজার ও সম্পদ ব্যবস্থাপনা সেবার ক্ষেত্রেও বাজারে নির্ভরযোগ্য ভূমিকা করছে। আইডিএলসি টানা ১৪ বছর ধরে ‘ট্রিপল-এ’ (এএএ) ক্রেডিট রেটিং ধরে রেখেছে, যা প্রতিষ্ঠানটির সুদক্ষ আর্থিক ব্যবস্থাপনা ও ঝুঁকি নিয়ন্ত্রণ সক্ষমতার পরিচয় দেয়। ডিজিটাল উদ্ভাবন, পরিবেশবান্ধব অর্থায়ন, এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতে দায়িত্বশীল চর্চা ও দৃঢ় প্রতিশ্রুতির ধারাবাহিকতায় বিগত বছরগুলোতে নানা খ্যাতনামা স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থা, যেমন ব্লুমবার্গ, এশিয়ামানি, সাফা, আইসিএবি, আইসিএমএবি প্রভৃতির স্বীকৃতি অর্জন করেছে আইডিএলসি।


















