মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামে মাথাভাঙ্গা নদীর তিন রাস্তার মোড় এলাকা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি হাতবোমা সদৃশ্য বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩ মে) সকালে স্থানীয়রা বৈদ্যুতিক খুঁটির পাশে সন্দেহজনক একটি পলিথিন মোড়ানো বস্তু পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গাংনী থানার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, উদ্ধার করা বস্তুটি প্রাথমিকভাবে হাতবোমা সদৃশ্য মনে হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেটি পানিভর্তি বালতিতে রাখা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
তিনি আরও জানান, এর আগেও একই গ্রাম থেকে একাধিকবার বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি চক্র এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছে। জড়িতদের শনাক্ত করতে পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে।
ঘটনার পর থেকে এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।



















