ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ২:০৫ অপরাহ্ন

রাউজানে ৩ দিনের ব্যবধানে ফের বিএনপি কর্মী খুন

আধিপত্য বিস্তার ও রাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে আবারও চট্টগ্রামের রাউজানে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। তিন দিনের ব্যবধানে উপজেলাটিতে এটি দ্বিতীয় হত্যাকাণ্ডের ঘটনা। নিহতের নাম নাছির উদ্দীন (৫৫)। তিনি কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসের পাড়ার মৃত দুদু মিয়ার ছেলে।

রবিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার লেংগা বাইল্যার ঘাটা এলাকায় নিজ বাড়ির কাছেই নাছির উদ্দীনের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করা হলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক জানান, নিহতের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, এলাকায় মাটি কাটা, পাহাড় কাটা, চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের সূত্রপাত হতে পারে। নাছির উদ্দীনের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ।

নিহত নাছির উদ্দীন রাউজান আসনের সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। স্থানীয়দের ভাষ্যমতে, এলাকায় মাটি ও পাহাড় কাটা নিয়ে ‘ডাকাত আলম’ নামে পরিচিত এক ব্যক্তির সঙ্গে নাছিরের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর আগেও একবার তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছিল, সেবার দীর্ঘদিন চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়েছিলেন। এবারের হামলার পেছনেও সেই পুরনো শত্রুতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাউজানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। গত শুক্রবার (২৪ এপ্রিল) রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কাউসার উর জামান বাবলু নামের আরেক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করা হয়। ৫ আগস্টের পরবর্তী সময়ে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে এ পর্যন্ত রাউজানে অন্তত দেড় ডজনেরও বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধীদের সক্রিয়তা এবং আধিপত্য লড়াইয়ে উপজেলাটি এখন আতঙ্কের জনপদে পরিণত হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ