এনসিসি ব্যাংক ও বিডার ও মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
বিনিয়োগকারীদের জন্য সেবা সহজতর, দ্রুততর ও সমন্বিত করার লক্ষ্যে এনসিসি ব্যাংক ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃক্ষের ওয়ান স্টপ সার্ভিস বিধিমালা-এর আলোকে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকের মাধ্যমে বিডা’র অনলাইন ওয়ান স্টপ সার্ভিস প্ল্যাটফর্মের সঙ্গে এনসিসি ব্যাংকের অনলাইন সিস্টেম সংযুক্ত করা হবে।
এই সমঝোতা স্মারকের আওতায় এনসিসি ব্যাংক ওএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে ব্যাংক হিসাব খোলাসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যাংকিং সেবা প্রদান করবে। এছাড়া বিডা ও এনসিসি ব্যাংকের মধ্যে সার্ভার-টু-সার্ভার সংযোগের মাধ্যমে নিরাপদ তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হবে।
সম্প্রতি বিডার সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর মো. শাহারুল হুদা এর সভাপতিত্বে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং বিডার মহাপরিচালক (ইনভেস্টমেন্ট প্রমোশন) জীবন কৃষ্ণ সাহা রায় স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. শাহীনুজ্জামান, এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান এবং ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহসহ উভয় পক্ষের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির ধারাবাহিকতায় বিডা ইতোমধ্যে একটি সমন্বিত অনলাইন পোর্টাল চালু করেছে, যার মাধ্যমে বিনিয়োগকারীরা বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা একক প্ল্যাটফর্ম থেকে গ্রহণ করতে পারেন। এই উদ্যোগে বিভিন্ন ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগ সেবা প্রক্রিয়াকে আরও গতিশীল ও কার্যকর করবে এবং এর বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী হবে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সমঝোতা স্মারক অনুযায়ী, বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সেবা প্রদানে উভয় পক্ষ অনলাইনে প্রাসঙ্গিক তথ্য বিনিময় করবে এবং সিস্টেমের কার্যকারিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান সহ ডাটা যাচাই, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কার্যক্রমের দক্ষ বাস্তবায়নের জন্য উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে।



















