ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ৪:২৩ অপরাহ্ন

কলম্বিয়ায় বোমা হামলায় নিহত অন্তত ১৪

কলম্বিয়ায় বোমা বিস্ফোরণে ১৪ জন নিহত হয়েছেন। মহাসড়কে চালানো এই হামলায় আহত হন অনেক মানুষ, যাদের মধ্যে শিশুও রয়েছে। একের পর এক বিস্ফোরণে অঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি উঠেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি মহাসড়কে বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হন বলে জানিয়েছে আঞ্চলিক কর্তৃপক্ষ।

কাউকা অঞ্চলের গভর্নর অক্টাভিও গুজমান জানান, স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) কাজিবিওর এল টুনেল এলাকায় প্যান-আমেরিকান মহাসড়কে এই বিস্ফোরণ ঘটে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, এখন পর্যন্ত ১৪ জন নিহত এবং আরও ৩৮ জনের বেশি মানুষের আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। যার মধ্যে পাঁচজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে। গুজমান এই ঘটনাকে বেসামরিক জনগণের ওপর নির্বিচার হামলা হিসেবে নিন্দা জানান।

তিনি বলেন, ব্যথা প্রকাশ করার মতো যথেষ্ট শব্দ আমাদের কাছে নেই। এসময় ‘সন্ত্রাসী তৎপরতা’ মোকাবিলায় সরকারের কাছ থেকে ‘দৃঢ় ও ধারাবাহিক” পদক্ষেপের দাবিও জানান তিনি।

গভর্নরের শেয়ার করা একটি ভিডিওতে বিস্ফোরণের পরের দৃশ্য সামনে এসেছে। ওই ভিডিওতে সড়কে ছিন্নভিন্ন গাড়ি ও ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। গুজমান বলেন, কাউকা একা এই বর্বরতার মুখোমুখি হতে পারে না। তিনি আরও জানান, এল তাম্বো, কালোতো, পোপায়ান, গুয়াচেনে, মেরকাদেরেস ও মিরান্ডা এলাকাতেও সহিংস ঘটনা ঘটেছে।

কলম্বিয়ার সশস্ত্র বাহিনীর কমান্ডার জেনারেল হুগো লোপেজ সংবাদ সম্মেলনে বলেন, এটি ‘সন্ত্রাসী হামলা’। তিনি এর জন্য ‘ইভান মোরদিস্কো’ নামে পরিচিত এক ব্যক্তির নেটওয়ার্ক এবং ‘জাইমে মার্টিনেজ’ গোষ্ঠীকে দায়ী করেন।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের ‘সন্ত্রাসী, ফ্যাসিস্ট এবং মাদক পাচারকারী’ বলে উল্লেখ করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ