ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ৪:২৪ অপরাহ্ন

মালয়েশিয়ায় ৭৯ বাংলাদেশি শ্রমিক আটক

মালয়েশিয়ার পেরাক অঙ্গরাজ্যের চেমোর এলাকার কানথান শিল্পাঞ্চলে বুধবার ৮ এপ্রিল রাতে দুটি রাবার গ্লাভস কারখানায় অভিযান চালিয়ে ৭৯ জন বাংলাদেশি শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। প্রথম কারখানা থেকে ৫৬ জন এবং দ্বিতীয় কারখানা থেকে ২৩ জনকে আটক করা হয়।

অভিযানে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি শ্রম বিভাগ, পুলিশ, জেনারেল অপারেশন ফোর্স (জিওএফ) এবং জাতীয় নিবন্ধন বিভাগের সদস্যরা অংশ নেন। শিফট পরিবর্তনের সময় শ্রমিকদের আটক করা হয়।

পেরাক ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক জেমস লি জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে আটক অনেক শ্রমিক ভিজিট পাসের অপব্যবহার করেছেন এবং নির্ধারিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থান করেছেন।

এছাড়া একই মূল কোম্পানির অধীনে পরিচালিত দুটি কারখানার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা অন্য কোম্পানি বা খাতে নিবন্ধিত বিদেশি শ্রমিকদের এখানে কাজ করাচ্ছিল।

আটক শ্রমিকদের বিরুদ্ধে ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯(বি) ধারায় তদন্ত চলছে। শ্রম বিভাগও নিজস্ব আইনের আওতায় আলাদা তদন্ত করবে। দাতুক জেমস লি আরও বলেন, গত বছরের পর এ নিয়ে ওই কোম্পানির কারখানাগুলোতে দ্বিতীয়বার অভিযান চালানো হলো। ভবিষ্যতেও অবৈধভাবে বিদেশি শ্রমিক নিয়োগ ও অভিবাসন আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

এ ঘটনা মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে সংশ্লিষ্ট অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের বিষয়ে সাম্প্রতিক সময়ে চলমান অভিযানের অংশ বলে মনে করা হচ্ছে। আটকদের ভাগ্য এখনও নির্ধারিত হয়নি, তবে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ