ভোলায় গ্রেপ্তার হওয়া আলোচিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদার (৩৭) জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ভোলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠু তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত রবিবার (৫ এপ্রিল) দিবাগত রাতে ভোলা সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি রোডের ‘ক্ষণিকালয়’ নামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ভোলা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট (ডিবি)। তিনি একই এলাকার আব্দুল হালিম বাবুলের স্ত্রী। পরদিন সোমবার (৬ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) তাকে পুনরায় আদালতে তোলা হলে তার পক্ষে জামিন আবেদন করা হয় এবং শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।
জামিনে মুক্তি পেয়ে বিবি সাওদা বলেন, একটি ভিডিও ও ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার দাবি, মত প্রকাশের কারণে তিনি হয়রানির শিকার হয়েছেন।

গ্রেপ্তারের আগে তার ব্যবহৃত ফেসবুক আইডি ‘Sawoda Sumi’ থেকে জ্বালানি তেল ইস্যুতে সরকারবিরোধী বিভিন্ন পোস্ট করা হয়। একটি পোস্টে তিনি লেখেন, “আমরা তো চাইলে ইরান থেকে তেল আনতে পারি… তাহলে বেশি দামে ভারত থেকে কেন আনতে হবে?”—এ ধরনের মন্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার সৃষ্টি করে।
মামলার এজাহারে পুলিশ উল্লেখ করে, রাষ্ট্র ও সরকারবিরোধী বিভিন্ন পোস্ট করার অভিযোগে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি ফেসবুক পোস্টগুলোর সত্যতা স্বীকার করে জানান, ভিউ বাড়ানোর উদ্দেশ্যে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে এসব পোস্ট করেছিলেন।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা নেট অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্তাধীন থাকায় তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়।


















