ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১:৫৮ অপরাহ্ন

সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সীমু ওরফে শিমলা। তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

সোমবার রাত ৮টার দিকে তাকে জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। এর আগে বিকালে বাবার বাড়ি হাকিমপুর শহরে অবস্থানকালে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।

শিবলী সাদিক আওয়ামী লীগ মনোনীত দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর) আসনের সংসদ সদস্য ছিলেন। জুলাই আন্দোলনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। এরপর থেকেই তার দ্বিতীয় স্ত্রী খাদিজা মল্লিক সীমু হাকিমপুর উপজেলা শহরের সিপি রোড এলাকায় বাবা বাবু মল্লিকের বাড়িতে অবস্থান করছিলেন। ২০১৯ সালে ৮ জুন খাদিজা মল্লিক সীমুর সঙ্গে বিয়ে হয় শিবলী সাদিকের।

খাদিজার পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন ধরে খাদিজা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতি রাতে নিয়মিত ঘুমের ওষুধ সেবন করতে হতো। তবে আজ মাত্রাতিরিক্ত ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়েন।

জিয়া হার্ট ফাউন্ডেশনের কর্তব্যরত চিকিৎসক মুসা আল আশারী বলেন, ‘রাত সোয়া ৮টার দিকে খাদিজা মল্লিক সীমুকে এখানে ভর্তি করা হয়। বর্তমানে তাকে নিবিড় পরিচর্যায় রেখে চিকিৎসা চলছে। তিনি স্ট্যাবল পর্যায়ে আছেন।’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খাদিজা মল্লিক সীমু তার ‘খাদিজা সীমু’ পেজে লিখেছেন ‘আমি যথেষ্ট স্ট্রং ছিলাম! আল্লাহর প্রতি আমার অনেক ভরসা রয়েছে! কিন্তু এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন। দীর্ঘ ৭ বছর ধরে আমার সঙ্গে হওয়া অন্যায় জুলুম আমি আর নিতে পারছি না। এই জীবন এভাবে চলতে পারে না। বিয়ের ২-৩ মাস পর থেকে এসব সহ্য করতে করতে আমি আজ ক্লান্ত, আমি শান্তিতে ঘুমাতে চাই।’

জানা যায়, ২০১১ সালে শিবলী সাদিকের সঙ্গে জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার পারিবারিকভাবে বিয়ে হয়। তবে পারিবারিক বনিবনা না হওয়ার কারণে ২০১৬ সালে রাজধানীর ধানমণ্ডিতে উভয় পরিবারের উপস্থিতিতে সমঝোতার মাধ্যমে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০১৯ সালে শিবলী সাদিক পারিবারিকভাবে খাদিজাকে বিয়ে করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ