ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৪:০৫ অপরাহ্ন

প্রথম প্রান্তিকে রাজস্ব কমতে পারে গ্রামীণফোনের

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক অস্থিরতার জেরে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে সৃষ্ট অস্থিরতা বাংলাদেশের অর্থনীতি ও ব্যবসায়িক কার্যক্রমে প্রভাব ফেলতে শুরু করেছে। এই পরিস্থিতিতে চলতি ২০২৬ সালের প্রথম প্রান্তিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত শীর্ষ মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোন (জিপি) আর্থিক ফলাফল কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জ্বালানি ও এলএনজি আমদানিতে বাংলাদেশের ব্যাপক নির্ভরশীলতার কারণে বর্তমান বৈশ্বিক অস্থিরতার প্রভাবে দেশটি বিশেষভাবে ঝুঁকির মুখে রয়েছে। এর ফলে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে, আমদানি ব্যয় বেড়েছে এবং সরবরাহ ও লজিস্টিক ব্যবস্থায় চাপের লক্ষণ প্রকাশ পাচ্ছে।

গ্রামীণফোন জানিয়েছে, এখন পর্যন্ত তাদের সামগ্রিক কার্যক্রম স্থিতিশীল থাকলেও চলমান বৈশ্বিক পরিস্থিতি দেশের দুর্বল সামষ্টিক অর্থনৈতিক অবস্থার ওপর চাপ বাড়াচ্ছে। এর প্রভাবে ভোক্তাদের ক্রয়ক্ষমতা ও আচরণে পরিবর্তন আসছে, ব্যবসায়িক কার্যক্রম কিছুটা মন্থর হচ্ছে এবং মানুষের চলাচলেও প্রভাব পড়ছে। এছাড়া মৌসুমি তীব্র ঝড় পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এ পরিস্থিতিতে কোম্পানির প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের রাজস্ব প্রায় ২ শতাংশ হ্রাস পেতে পারে। অপরদিকে সুদ, কর, অবচয় ও পরিশোধের আগে মুনাফা (ইবিটডা) ৩ শতাংশ পর্যন্ত কমতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে প্রতিষ্ঠানটি।

গ্রামীণফোন আরও জানিয়েছে, বর্তমান পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত এবং যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। তাই কোম্পানিটি নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য ক্ষতি কমানোর জন্য প্রতিরোধমূলক পদক্ষেপ বাস্তবায়ন করছে। গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দিতে এবং নেটওয়ার্কের মান বজায় রাখতেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ