ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ৫:২৪ অপরাহ্ন

বেনাপোল বন্দরে আমদানি নিষিদ্ধ কোটি টাকার পাটবীজ আটক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণা বহির্ভূত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিকটন পাটবীজের একটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। যার বাজারমূল্য প্রায় কোটি টাকা।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার সাইদ আহমেদ রুবেল।

এর আগে সোমবার (৯ মার্চ) রাতে বেনাপোল বন্দর দিয়ে আরাফাত এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান পাটবীজের এ চালানটি ভারত থেকে আমদানি করে। চালানটি বন্দরের ১৫ নম্বর শেডে প্রবেশ করে।

কাস্টমস সূত্র জানায়, ঘাসের বীজ ঘোষণা দিয়ে ভারতীয় একটি ট্রাকে ১ হাজার ৫০০ বস্তায় ৪৫ মেট্রিকটন ৬০০ কেজির পণ্যটি আমদানি করা হয়। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে বন্দর ইউনিট বিষয়টি কাস্টম হাউসের কমিশনারকে অবহিত করেন। পরে কাস্টমস কর্তৃপক্ষ পণ্য চালানটি পরীক্ষণ করে ঘোষণা বহির্ভূত ৫৬৭ বস্তায় ১৭ মেট্রিক টনপাট বীজ পায়। অত্যন্ত কৌশলে ঘাসের বীজের আড়ালে এই পাটবীজ আমদানি করা হয়।

বর্তমানে পাটবীজ আমদানির অনুমোদন না থাকায় এটি আমদানি নিষিদ্ধ পণ্য হিসেবে গণ্য। মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির অভিযোগে সংশ্লিষ্ট আমদানিকারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় কাস্টমস কর্তৃপক্ষ।

বেনাপোল কাস্টমসের জয়েন্ট কমিশনার সাইদ আহমেদ রুবেল জানান, ঘাসের বীজ ঘোষণা দিয়ে ভারত থেকে পাট বীজ আনা হয়েছে। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন তথ্যের মাধ্যমে জানতে পেরে ওই পণ্য চালানটি পরীক্ষণ করে ঘোষণা বহির্ভূত ১৭ মেট্রিকটন পাটবীজ পাওয়া যায়। মিথ্যা ঘোষণার অপরাধে আমদানিকারককে আইনের আওতায় আনা হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ