ঢাকা, শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ৫:১৪ অপরাহ্ন

কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ, কর্মকর্তাদের দেশে ফেরার নির্দেশ

ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘাতের মধ্যে নিরাপত্তা পরিস্থিতি অবনতির আশঙ্কায় কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে অ-জরুরি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের দ্রুত দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার থেকে দূতাবাসের কর্মকর্তা-কর্মীদের দেশে ফেরার প্রক্রিয়াও শুরু হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূতাবাসের কার্যক্রম স্থগিত থাকবে এবং কেবল সীমিত জরুরি সেবা চালু থাকতে পারে।

কুয়েত দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র। দেশটিতে মার্কিন সেনাবাহিনীর একাধিক সামরিক ঘাঁটি রয়েছে। চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরান কুয়েতের মার্কিন সামরিক ঘাঁটি ও সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

২ মার্চ কুয়েত সিটিতে অবস্থিত মার্কিন দূতাবাস কমপাউন্ডের কাছেও একটি ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এতে কিছু স্থাপনায় ক্ষতি হয়েছে এবং দূতাবাস এলাকায় ধোঁয়া উঠতে দেখা গেছে বলে জানা গেছে। তবে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

পরিস্থিতির অবনতি হওয়ায় কুয়েত ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ইরাক ও জর্ডানে কর্মরত অ-জরুরি মার্কিন সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

এ ছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশ ত্যাগের আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তা সতর্কতায় নাগরিকদের অপ্রয়োজনীয় বাইরে না যাওয়া, ভবনের নিচতলায় আশ্রয় নেওয়া এবং জানালা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র সরকার প্রয়োজনে সামরিক বিমান ও বিশেষ চার্টার ফ্লাইটের মাধ্যমে নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সূত্র : বিবিসি, আল জাজিরা

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ