ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ১:৪০ অপরাহ্ন

ইসরায়েলি সব দূতাবাসে হামলার হুঁশিয়ারি ইরানের

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা এক নতুন মোড় নিয়েছে। লেবাননের বৈরুতে অবস্থিত ইরানি দূতাবাসে কোনো ধরনের হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলের সব দূতাবাসকে লক্ষ্যবস্তু করার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। বুধবার (৪ মার্চ) দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি এই সরাসরি হুমকি প্রদান

বৈরুতে ইরানের কূটনৈতিক মিশনে ইসরায়েলি হামলার আশঙ্কার বিষয়ে জেনারেল শেকারচি বলেন, ইসরায়েল নামক রাষ্ট্রটি বারবার আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক রীতিনীতি লঙ্ঘন করে আসছে। তিনি অভিযোগ করেন, এই ‘অপরাধী রাষ্ট্রটি’ কোনো ধরনের আন্তর্জাতিক সীমানা বা রীতিনীতির তোয়াক্কা করছে না। ইরানের দাবি, তারা আন্তর্জাতিক আইন মেনে চললেও ইসরায়েলের কর্মকাণ্ড পরিস্থিতিকে জটিল করে তুলছে।

জেনারেল শেকারচি তার বক্তব্যে ইরানের সামরিক সক্ষমতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ব্যাপক শক্তি থাকা সত্ত্বেও তারা এখন পর্যন্ত যথেষ্ট সংযম প্রদর্শন করেছে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রতি শ্রদ্ধা রেখেই তেহরান এখন পর্যন্ত বড় কোনো সংঘাতে জড়ায়নি। তবে এই সংযমকে ইসরায়েলের দুর্বলতা ভাবা উচিত হবে না বলে তিনি সতর্ক করেন।

ইসরায়েলি হুমকির জবাবে এই ইরানি জেনারেল স্পষ্ট করে বলেন, যদি লেবাননে ইরানি দূতাবাসে বিন্দুমাত্র আঘাত আসে, তবে ইরান বিশ্বজুড়ে থাকা সব ইসরায়েলি দূতাবাসকে ‘বৈধ সামরিক লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করতে বাধ্য হবে। তিনি জোর দিয়ে বলেন, ইহুদিবাদী গোষ্ঠী যদি কোনো ধরনের আগ্রাসন চালায়, তবে ইরান নিঃসন্দেহে তার পাল্টা এবং কঠোর জবাব দেবে।

ইরানের সামরিক মুখপাত্র আরও পরিষ্কার করেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে ইরানের কোনো ধরনের শত্রুতা বা বিরোধ নেই। তিনি পুনরায় অঙ্গীকার করেন যে, ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে পরাজিত করার লক্ষে ইরান কাজ করে যাচ্ছে এবং এই সংকল্প থেকে তারা বিন্দুমাত্র বিচ্যুত হবে না।

এই পরিস্থিতির পর বিশ্বজুড়ে ইসরায়েলি কূটনৈতিক মিশনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ