ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ১:৪৯ অপরাহ্ন

আর্থিক সাক্ষরতা দিবসে ইউসিবির দেশব্যাপী কর্মসূচি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) মার্চ মাসের প্রথম সোমবার, আর্থিক সাক্ষরতা দিবস উপলক্ষে সারা দেশে একযোগে বিশেষ কর্মসূচির আয়োজন করেছে। ব্যাংকের প্রধান কার্যালয়সহ দেশের সব বিভাগের শাখায় একই সময়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শহর থেকে গ্রাম—সব জায়গার মানুষের কাছে আর্থিক সচেতনতার বার্তা পৌঁছে দিতে ইউসিবি এ উদ্যোগ গ্রহণ করে।

এ বছরের প্রতিপাদ্য ছিল, “আর্থিক সাক্ষরতার মাধ্যমে নিরাপদ ক্যাশলেস লেনদেন নিশ্চিতকরণ”। অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহবাজ তালাত।

অনুষ্ঠানে নাবিল মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের দেশে দ্রুত ডিজিটাল লেনদেন বাড়ছে। তাই শুধু মোবাইল বা অনলাইন ব্যাংকিং ব্যবহার করলেই হবে না, সেগুলো নিরাপদভাবে ব্যবহার করার জ্ঞানও থাকতে হবে। তিনি জানান, গ্রাহকদের সঠিক তথ্য দেওয়া, সচেতন করা এবং নিরাপদ ডিজিটাল লেনদেনে উৎসাহিত করাই ইউসিবির লক্ষ্য।
কর্মসূচির অংশ হিসেবে ইউসিবি ২০২৬ সালের জন্য তাদের পরিকল্পনার কথাও তুলে ধরে। এতে ডিজিটাল ব্যাংকিং সেবা আরও বিস্তৃত করা, সাইবার নিরাপত্তা সম্পর্কে মানুষকে সচেতন করা এবং গ্রাহক শিক্ষা কার্যক্রম বাড়ানোর কথা বলা হয়। বিশেষভাবে গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ইউসিবি মনে করে, আর্থিক সাক্ষরতা শুধু এক দিনের আয়োজন নয়; এটি একটি চলমান দায়িত্ব। নিরাপদ ও আত্মবিশ্বাসের সঙ্গে ডিজিটাল লেনদেনে অংশ নিতে মানুষকে সক্ষম করে তুলতেই এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
ব্যাংকটি ভবিষ্যতেও দেশের মানুষের আর্থিক সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ