কুমিল্লার দেবিদ্বার উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামের পীরজা বাড়িতে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে এ আগুনের ঘটনা ঘটে।
আগুনে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারটি সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা প্রাণে বাঁচলেও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন।ঘটনার খবর পেয়ে হাসনাত আব্দুল্লাহ গভীর রাতেই ঘটনাস্থলে ছুটে যান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন, তাদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। এ সময় তিনি বলেন, “আমরা আমাদের জায়গা থেকে যা করা সম্ভব তা করবো। আল্লাহ যেন এই কষ্ট কাটিয়ে উঠতে সাহায্য করেন।” পরে তিনি পরিবারের সঙ্গে দোয়া করেন এবং দ্রুত সহযোগিতার ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।
স্থানীয়রা জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আগুনের কারণ অনুসন্ধানে কাজ করছেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হলেও বিষয়টি তদন্তসাপেক্ষ।


















