পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ মোবাইলফোন প্রতিষ্ঠান গ্রামীণফোন প্রথমবারের মতো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ১০ মেগাহার্টজ স্পেকট্রাম বা তরঙ্গ বরাদ্দ পেয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি আগামী ১৩ বছরের জন্য এই তরঙ্গ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। যা কারযকর হবে ২০২৬ সালের ১ জুন থেকে ২০৩৯ সালের ১০ মার্চ পরযন্ত।
কোম্পানিটি জানায়, এই তরঙ্গের জন্য মোট ২ হাজার ১৭০ কোটি ১৫ লাখ ৩৩ হাজার ৬০২ টাকা ব্যয় হবে। আগামী জুন থেকে ১০ বছর মেয়াদে গ্রামীণফোন বিটিআরসিকে তরঙ্গ বাবদ ২১৭ কোটি ১ লাখ ৫৩ হাজার ৩৬০ টাকা করে পরিশোধ করবে।
এই তরঙ্গ বরাদ্দের বিনিময়ে গ্রামীণফোন জাতীয় রাজস্ব খাতে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা প্রদান করবে, যা দেশের টেলিকম খাতের উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

নতুন এই স্পেকট্রাম বরাদ্দের ফলে গ্রামীণফোনের নেটওয়ার্ক কভারেজ আরও বিস্তৃত ও শক্তিশালী হবে। ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের বিশেষ বৈশিষ্ট্যের কারণে বেস স্টেশনগুলো থেকে সিগন্যাল অনেক দূর পর্যন্ত পৌঁছাতে সক্ষম হবে, যা শহর ও গ্রামের দুর্গম এলাকায় উন্নত সেবা নিশ্চিত করবে। বিশেষ করে বড় অফিস ভবন, হাসপাতাল, শপিং মল বা বেজমেন্টের মতো ইনডোর এলাকাগুলোতে গ্রাহকেরা এখন থেকে আরও শক্তিশালী ও নির্ভরযোগ্য মোবাইল সিগন্যাল পাবেন।
বিজনেস আই/


















