ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন

পাঁচ ঘণ্টার ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম

দেশের বাজারে পাঁচ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। আজ বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে আজ সকালেই বাজুস ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করেছিল। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে বিকালেই আবারও দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হলো।

বাজুস স্পষ্ট করে জানিয়েছে যে, প্রতিটি গহনা বিক্রির সময় সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং নূন্যতম মজুরি সংগ্রহ করা বাধ্যতামূলক। স্থানীয় বাজারে স্বর্ণের আকাশছোঁয়া দাম ও ঘন ঘন পরিবর্তন নিয়ে সাধারণ ক্রেতাদের মধ্যে দ্বিধা থাকলেও বাজুস জানিয়েছে, বিশ্ববাজারের অস্থিরতার কারণেই এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে। ক্রেতাদের সবসময় হলমার্ক করা স্বর্ণ যাচাই করে কেনার পরামর্শ দিয়েছে সংগঠনটি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ