ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

ভিসা ছাড়াই চীন ভ্রমণের সুযোগ পাচ্ছেন ব্রিটিশ নাগরিকরা

ব্রিটিশ নাগরিকদের জন্য ভিসা ছাড়াই চীন ভ্রমণের পথ খুলে দিচ্ছে বেইজিং। স্বল্পমেয়াদী সফরে যুক্তরাজ্যের পাসপোর্টধারীদের আর ভিসার প্রয়োজন হবে না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। খবর দ্য গার্ডিয়ান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, নতুন এই ব্যবস্থার আওতায় যুক্তরাজ্যের নাগরিকরা ব্যবসা ও পর্যটন-উভয় উদ্দেশ্যেই ৩০ দিনের কম সময়ের জন্য ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবেন।

এই সিদ্ধান্ত কার্যকর হলে চীনের ভিসা নীতিতে যুক্তরাজ্য এমন একটি তালিকায় যুক্ত হবে, যেখানে ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমানে বিশ্বের প্রায় ৫০টির বেশি দেশের নাগরিকরা একই সুবিধা পাচ্ছেন।

তবে ভিসা ছাড়াই প্রবেশের নিয়মটি কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি চীন। আপাতত ব্রিটিশ পাসপোর্ট ধারীদের মূল ভূখণ্ড চীনে যেতে হলে ভিসা নিতে হচ্ছে।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী স্টারমার বলেন, চীন বিশ্বের অন্যতম প্রভাবশালী অর্থনৈতিক শক্তি। দীর্ঘদিন ধরেই ব্রিটিশ ব্যবসায়ীরা চীনে বাণিজ্য সম্প্রসারণে সহজ ভ্রমণ নীতির দাবি জানিয়ে আসছিলেন। ভিসা নীতিতে এই শিথিলতা ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ নাগরিকদের আন্তর্জাতিক পরিসর বাড়াতে সহায়ক হবে এবং এর মাধ্যমে যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ