ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

আরও ১৪ প্রতিষ্ঠানের নেগেটিভ ইক্যুয়িটির সময় বৃদ্ধি

পুঁজিবাজারে মধ্যস্থতাকারী আরও ১৪ প্রতিষ্ঠানের নেগেটিভ ইক্যুইটি এবং আনরিয়েলাইজড লোকসানের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের জন্য অতিরিক্ত সময় দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৯৯২তম এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে আগারগাঁওয়ে অবস্থিত কমিশন কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।

শেয়ারবাজারে দীর্ঘদিনের মন্দা ও দরপতনের ফলে অনেক ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংকের পোর্টফোলিওতে নেগেটিভ ইকুইটি এবং আনরিয়ালাইজড লস তৈরি হয়েছে। এসব প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে এবং তাদের দাখিলকৃত ‘অ্যাকশন প্ল্যান’ পর্যালোচনা করে বিএসইসি প্রভিশন সংরক্ষণের সময়সীমা বৃদ্ধি করেছে।

তালিকাভুক্ত ১৪টি প্রতিষ্ঠান হলো: কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ফার ইস্ট শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, ইমতিয়াজ হোসাইন সিকিউরিটিজ লিমিটেড, মন্ডল সিকিউরিটিজ লিমিটেড, এমএএইচ সিকিউরিটিজ লিমিটেড, স্কয়ার সিকিউরিটিজ ম্যানেজমেন্ট লিমিটেড, শাকিল রিজভী স্টক লিমিটেড, এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড, এনওয়াই ট্রেডিং লিমিটেড, মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেড,আল-হাজ্ব সিকিউরিটিজ অ্যান্ড স্টকস লিমিটেড, রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড, এবি ইনভেস্টমেন্ট লিমিটেড, এলায়েন্স ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

কমিশন জানিয়েছে, এই বিশেষ সুবিধার ফলে উক্ত প্রতিষ্ঠানগুলো তাদের নিট সম্পদ ঘাটতি সংক্রান্ত আইন পরিপালনে সাময়িক শিথিলতা পাবে। এর ফলে প্রতিষ্ঠানগুলো আরও গুছিয়ে নিয়ে ব্যবসা পরিচালনার সুযোগ পাবে, যা বিনিয়োগকারীদের সুরক্ষায় ভূমিকা রাখবে।

এর আগের আরও ৫৩ প্রতিষ্ঠানকে একই কারণ দেখিয়ে শর্তসাপেক্ষে অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। মোট ৬৭টি প্রতিষ্ঠান এখন নেগেটিভ ইক্যুইটি ও অবাস্তব লোকসান সমন্বয়ের প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ