ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩:৫০ অপরাহ্ন

লেবাননে জাতিসংঘ টহলদলে হামলা, গ্রেপ্তার ছয় সন্দেহভাজন

লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন ইউনিফিলের একটি টহলদলের ওপর বন্দুকধারীদের হামলার ঘটনায় দেশটির সেনাবাহিনী ছয়জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। শনিবার (৬ ডিসেম্বর) সেনাবাহিনী এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানায়। বিষয়টি বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করা হয়েছে।

ইউনিফিলের পক্ষ থেকে জানানো হয়, গত বৃহস্পতিবার তিনটি মোটরসাইকেলে থাকা ছয়জন সশস্ত্র ব্যক্তি তাদের একটি টহল গাড়ির দিকে গুলি চালায়। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো শান্তিরক্ষী আহত হননি। হামলার পরপরই সেনাবাহিনীর গোয়েন্দা অধিদপ্তর তদন্ত শুরু করে এবং অভিযানের মাধ্যমে ছয় লেবাননি নাগরিককে আটক করে।

সেনাবাহিনী তাদের বিবৃতিতে স্পষ্ট জানায়, ইউনিফিলের ওপর যেকোনো ধরনের হামলা বরদাস্ত করা হবে না। ইসরায়েলের সীমান্তবর্তী লিতানি নদীর দক্ষিণাঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ইউনিফিল দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

১৯৭৮ সালের মার্চ থেকে ইসরায়েল–লেবানন সীমান্তে বাফার হিসেবে কাজ করছে ইউনিফিল। পাশাপাশি ২০২৪ সালের নভেম্বরের যে যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাত থামাতে করা হয়েছিল, সেটি পর্যবেক্ষণের দায়িত্বও তাদের হাতে রয়েছে।

চুক্তি অনুযায়ী, লেবাননের ভূমি থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে সরে যাবে এবং উভয় পক্ষের হামলা বন্ধ হবে। একইসঙ্গে ইরান-সমর্থিত হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টি বাস্তবায়নের কথাও সেই চুক্তিতে উল্লেখ রয়েছে। তথ্যসূত্র : এএফপি

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ