কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার পদ্মা নদীতে নৌকা ডুবে দুইজন নিহত হয়েছেন এবং দুইজন আহত হয়েছেন।
ঘটনাস্থল উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের দুর্গম চর এলাকায় মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ঘটে। তবে পুলিশ খবর বিকালে পায় বলে জানিয়েছেন ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার।
নিহতরা হলেন- ইসলামপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে আব্দুর রশিদ (৫৮) ও শরাফত আলী প্রামাণিকের ছেলে মো. মামুন (২৮)।
আহতরা হলেন একই এলাকার সিরাজ আলী প্রামাণিকের ছেলে শরিফুল এবং পলান আলীর ছেলে ইউসুফ আলী। তারা বর্তমানে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
নিহত আব্দুর রশিদের স্বজন এস এম রওনক জানান, সকালে তারা ছোট একটি ডিঙি নৌকা নিয়ে চাষের জমিতে যাচ্ছিলেন। নদীর মাঝখানে নৌকাটি হঠাৎ কাত হয়ে পানি উঠতে শুরু করলে তারা ডুবে যান। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসাধীন শরিফুল ইসলাম জানান, নৌকাটি কিছুদূর যাওয়ার পর হঠাৎ কাত হয়ে পানি উঠে আসে। আমরা প্রাণে বাঁচার চেষ্টা করি। হঠাৎ পায়ের নিচে মাটি অনুভব করে কিনারায় উঠি এবং জ্ঞান হারাই।
প্রত্যক্ষদর্শী মো. ইমরান হোসেন জানান, আমরাও নদী পারাপারের জন্য অপেক্ষা করছিলাম। তারা কিছুদূর যাওয়ার পর ছোট নৌকাটি হঠাৎ কাত হয়ে ডুবে যায়। আমরা দ্রুত ঝাঁপ দিয়ে তাদের মধ্যে দুইজনকে উদ্ধার করি, তবে তাদের অবস্থার গুরুতর ছিল।
স্থানীয় ইউপি সদস্য মো. শরিফুল ইসলাম রনি বলেন, একই গ্রামের দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নৌ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্বাভাবিক মৃত্যু ঘোষণা করেছে।
ভেড়ামারার ওসি আব্দুর রব তালুকদার বলেন, ওই ঘটনাস্থলটি যেহেতু নদীর মধ্যে হওয়ায় বিষয়টি ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ-পুলিশ তদারকি করছে।


















