পুঁজিবাজারে তালিকাভুক্ত জুন ক্লোজিং কোম্পানিগুলোর বেশিরভাগ ইতোমধ্যে ৩০ জুন,২০২৫ সমাপ্ত বছরের বোর্ড সভা অনুষ্ঠান করেছে। তবে আইটি খাতে তালিকাভুক্ত কোম্পানি আমরা নেটওয়ার্কস ও আমরা টেকনোলজি এখনও চলতি বছরের বোর্ড সভা অনুষ্ঠান করেনি। এমনকি বোর্ড সভার তারিখও ঘোষণা করেনি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটির বোর্ড সভা কবে অনুষ্ঠান হবে সেটাও এখনও নির্ধারণ করতে পারেনি কোম্পানিগুলোর পর্ষদ। আর্থিক সংকটের কারণে ২০২৪ সালের ঘোষিত লভ্যাংশ এখনও বিনিয়োগকারীদের মাঝে বণ্টন করতে পারেনি কোম্পানি দুইটি।
এ প্রসঙ্গে আমরা টেকনোলজির কোম্পানি সচিব মো. মানিরুল হোসাইন বিজনেস আই বাংলাদেশকে বলেন, আমরা এখনও চলতি বছরের বোর্ড সভার তারিখ নির্ধারণ করি নাই। কারণ ২০২৪ সালে ঘোষিত লভ্যাংশ এখনও বিতরণ করতে পারেনি। লভ্যাংশ বিতরণ না করে কিভাবে আরেকটি বোর্ড সভা করব।
জানা গেছে, আমরা টেকনোলজি ২০২৪ সালে ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। তবে এক বছর পেরিয়ে গেলে এখনও লভ্যাংশ বিতরণ করতে পারেনি কোম্পানিটি। আর লভ্যাংশ বিতরণ না করায় কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে রয়েছে।

ডিএসইর তথ্য মতে, কোম্পানিটি ৩০ জুন,২০২৪ সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি ১২ পয়সা লোকসান করেছিল। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির লোকসাানের পরিমাণ ছিল ৩৩ পয়সা। আইটি খাতের কোম্পানিটি ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তালিকাভুক্তির পর থেকে ২০২৩ সাল পরযন্ত বিনিয়োগকারীদের ধারাবাহিকভাবে লভ্যাংশ দিয়েছে।
একইভাবে আমরা নেটওয়ার্কস ২০২৪ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। তবে এক বছর পেরিয়ে গেলে এখনও লভ্যাংশ বিতরণ করতে পারেনি কোম্পানিটি। আর লভ্যাংশ বিতরণ না করায় কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে রয়েছে।
জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন,২০২৪ সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি ২ টাকা ৪৬ পয়সা আয় করেছিল। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় ছিল ১৪ পয়সা। আইটি খাতের কোম্পানিটি ২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তালিকাভুক্তির পর থেকে ২০২৩ সাল পরযন্ত বিনিয়োগকারীদের ধারাবাহিকভাবে লভ্যাংশ দিয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, কোম্পানি দুইটি ২০২৪ সালে লভ্যাংশ ঘোষণার পরেও বিতরণ করতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনিয়োগকারীরা। কারণ লভ্যাংশ বিতরণ না করা এটা বিনিয়োগকারীদের সাথে প্রতারণার সামিল। ‘জেড’ ক্যাটাগরির শেয়ার লেনদেনের ক্ষেত্রেও বিনিয়োগকারীদের সময় বেশি লাগে। তাই কোম্পানি দুইটির বিনিয়োগকারীদৈর কথা বিবেচনা করে দ্রুত লভ্যাংশ বিতরণ করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা।
বিজনেস আই/সাদিয়া


















