দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচনের মাধ্যমে দেশের স্থিতিশীলতা আরও সুদৃঢ় হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন সেনাসদর কর্মকর্তারা।
বুধবার (৫ নভেম্বর) সেনাসদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আর্মি সদর দপ্তরের ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।
তিনি বলেন, “দেশের জনগণের মতো আমরাও চাই সরকারের রূপরেখা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। সে রূপরেখার মধ্যে সময়সীমাও নির্ধারিত আছে। আমরা আশাবাদী, নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের স্থিতিশীলতা আরও দৃঢ় হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেদিকেই তাকিয়ে আছি।”


















