ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ২:৩০ পূর্বাহ্ন

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তজুড়ে তীব্র সংঘর্ষ

আফগানিস্তানের তালেবান যোদ্ধাদের হামলার পর পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তজুড়ে শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর রয়টার্স’র।

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের স্থানীয় কর্মকর্তাদের বরাতে তালেবান বাহিনী দাবি করেছে, তারা পাকিস্তানের দুটি সীমান্তচৌকি দখল করেছে। এ ঘটনায় পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত পাঁচটি স্থানে সংঘর্ষ হয়েছে এবং তাদের বাহিনী পাল্টা জবাব দিচ্ছে।

সংঘর্ষের সূত্রপাত হয় পাকিস্তানের কথিত বিমান হামলার অভিযোগ থেকে। গত বৃহস্পতিবার আফগান রাজধানী কাবুল ও পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে পাকিস্তানি বিমান হামলার অভিযোগ তুলে তালেবান সরকার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল। যদিও ইসলামাবাদ সেই হামলার দায় স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি। তবে তারা কাবুল প্রশাসনকে আহ্বান জানায়, পাকিস্তানবিরোধী সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) আশ্রয় দেওয়া বন্ধ করতে।

এর পর শনিবার রাতে সীমান্তের একাধিক স্থানে সংঘর্ষ শুরু হয়। ডন পত্রিকার খবরে বলা হয়েছে, পাকিস্তানের পাল্টা হামলায় আফগান সীমান্তের বেশ কিছু চৌকি ও সশস্ত্র অবস্থানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী ভারী কামান, ট্যাংকসহ হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করছে বলে জানা গেছে।

আফগান সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে,“পাকিস্তানের বিমান হামলার প্রতিশোধ হিসেবে পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় তালেবান বাহিনী পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে তীব্র লড়াইয়ে লিপ্ত হয়েছে।”

সংঘর্ষের খবর পাওয়া গেছে কুনার, নানগারহার, পাকতিকা, খোস্ত ও হেলমান্দ—এই পাঁচ সীমান্তপ্রদেশ থেকে।

পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন,“আজ সন্ধ্যা থেকে তালেবান বাহিনী সশস্ত্র হামলা শুরু করে। আমরা প্রথমে হালকা, পরে চারটি সীমান্তপয়েন্টে ভারী কামান থেকে পাল্টা গোলা নিক্ষেপ করি।”

তিনি আরও জানান, পাকিস্তানি বাহিনী গোলাগুলির জবাবে বিস্ফোরক বহনের সন্দেহে তিনটি আফগান ড্রোন গুলি করে নামিয়েছে। লড়াই চলমান থাকলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে সীমান্তসংক্রান্ত উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তানের অভিযোগ, আফগান ভূখণ্ডকে টিটিপি ও অন্যান্য জঙ্গিগোষ্ঠী হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করছে, যা সীমান্ত নিরাপত্তার জন্য বড় হুমকি। ইসলামাবাদ বারবার তালেবান সরকারকে এ ধরনের কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ