ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ৪:০৭ অপরাহ্ন

থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে ভয়াবহ পদদলনের ঘটনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে)-এর জনসভায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিপুল জনসমাগমে দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়ে মুহূর্তেই কান্না-আর্তনাদে ভরে ওঠে পুরো এলাকা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, জনসভায় প্রায় ৩০ হাজার মানুষের ভিড় হওয়ার কথা থাকলেও বাস্তবে সেখানে উপস্থিত হন প্রায় ৬০ হাজার মানুষ। এই অতিরিক্ত চাপেই হঠাৎ পদদলনের ঘটনা ঘটে। থালাপতি বিজয় মঞ্চে আসতেই মানুষ ব্যারিকেড ভেঙে তার কাছাকাছি যেতে চাইলে হুড়োহুড়ি শুরু হয়। এতে দমবন্ধ হয়ে অনেকেই অজ্ঞান হয়ে পড়েন এবং মুহূর্তেই পদদলনের শিকার হন বহু মানুষ।

সর্বশেষ আপডেটে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯। আহত হয়েছেন আরও ৪০ জন। নিহতদের মধ্যে নারী ১৬ জন, পুরুষ ৯ জন এবং শিশু ৬ জন রয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান। স্থানীয় সূত্রগুলো আশঙ্কা করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

পুলিশ জানায়, থালাপতি বিজয় মঞ্চে আসেন নির্ধারিত সময়ের সাত ঘণ্টা পর। দীর্ঘ প্রতীক্ষা আর অপেক্ষমান মানুষের ভিড়ে জনসভাস্থলে গাদাগাদি অবস্থা তৈরি হয়। বিজয় মঞ্চে উঠতেই হাজারো মানুষ তাকে কাছ থেকে দেখতে ব্যারিকেডের দিকে ধাবিত হন। তখন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয় এবং হঠাৎ অনেকেই মাটিতে লুটিয়ে পড়েন। কয়েক মিনিটের মধ্যেই পদদলনের ভয়াবহতা পুরো জনসভাকে গ্রাস করে ফেলে।

মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ শীর্ষ নেতারা। রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি পুলিশ ও প্রশাসন নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ও আহতদের চিকিৎসার আশ্বাস দিয়েছে। তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস, এনডিটিভি

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ