ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ১:১১ অপরাহ্ন

কুমিল্লায় ১৬ বছর পর বিএনপির সম্মেলন

কুমিল্লায় দীর্ঘ ১৬ বছর পর দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ (শনিবার) নগরীর টাউন হল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তৃতা করবেন। আগামী নির্বাচন এবং দেশের চলমান প্রেক্ষাপট নিয়ে তিনি কী বার্তা দেন সেই অপেক্ষায় নেতাকর্মীরা।

এদিকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকলেও সম্মেলনের আগেই বিরোধ মিটিয়ে শীর্ষ দুটি পদেই একক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, ১০টি উপজেলা ও ৪ পৌরসভা নিয়ে গঠিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি।

ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ এ জেলায় বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী। জেলাটি দুই ভাগে বিভক্ত হলেও কুমিল্লা দক্ষিণ জেলা ইউনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৬ বছর ফ্যাসিবাদীদের হয়রানি, দমন-পীড়নে এই ইউনিটটি সম্মেলন করতে পারেনি। তাই ১৬ বছর পর এবারের সম্মেলন ঘিরে নেতাকর্মীদের প্রত্যাশার পারদ অনেক ওপরে।

এর আগে ২০২২ সালের ৩০ মে ৪১ সদস্যের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সাবেক সংসদ-সদস্য (এমপি) আমিন উর রশিদ ইয়াছিনকে আহ্বায়ক এবং ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিনকে সদস্য সচিব করা হয়। এছাড়া ৯ জনকে যুগ্ম-আহ্বায়ক করে বাকিদের সদস্য করা হয়। ওই কমিটি দীর্ঘ দুই বছর সাত মাস দায়িত্ব পালন করে। সবশেষ চলতি বছরের ২ জানুয়ারি ওই কমিটি বিলুপ্ত করা হয়।

পরে ২ ফেব্রুয়ারি ৫ সদস্যের আহ্বায়ক কমিটির আংশিক নাম প্রকাশ করে কেন্দ্রীয় বিএনপি। যেখানে আহ্বায়ক করা হয় কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সাবেক সংসদ-সদস্য জাকারিয়া তাহের সুমনকে। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক। এছাড়া সদস্য সচিব হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে। তিনি সবশেষ কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন। পরে একই মাসের ২৪ তারিখ ৪১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির নাম প্রকাশ করা হয়। তাদের নেতৃত্বেই শেষ হয় দক্ষিণ জেলার আওতাধীন সব ইউনিটের সম্মেলন।

১০টি উপজেলার ১০৩টি ইউনিয়ন ও ১১৭টি ওয়ার্ড কমিটি সম্মেলনের মাধ্যমে সম্পন্ন করা হয়। এছাড়া ৪টি পৌরসভার ৩৬টি ওয়ার্ডের কমিটিও একইভাবে সম্পন্ন করা হয়। দক্ষিণ জেলার অন্তর্গত ডেলিগেট রয়েছে ৭০ হাজারের ওপরে। এরমধ্যে কাউন্সিলর রয়েছেন ১৪১৪ জন। আজকের সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মী প্রত্যাশায় রয়েছেন কী বার্তা দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন বলেন, আমরা অত্যন্ত সফলভাবে দক্ষিণ জেলার সব ইউনিটের সম্মেলন সম্পন্ন করেছি। আজকের সম্মেলনে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, তিনি যে নির্দেশনা দেবেন সে অনুযায়ী দায়িত্ব পালনের।

সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, দক্ষিণ জেলা বিএনপিতে কোনো বিরোধ নেই। আমরা সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী। আমরা তারেক রহমানের নির্দেশে জনগণের প্রত্যাশা পূরণের রাজনীতি করছি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ