অভিবাসন ইস্যুকে কেন্দ্র করে আবারও অস্থির হয়ে উঠেছে নেদারল্যান্ডস। রাজধানী দ্য হেগে হাজারো বিক্ষোভকারী রাস্তায় নামেন অভিবাসনবিরোধী দাবিতে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। টিয়ারগ্যাস ও পানিকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২০ সেপ্টেম্বর) দ্য হেগে অভিবাসনবিরোধী বিক্ষোভে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন এবং পাথর-বোতল ছোড়েন। এ ঘটনায় অন্তত ৩০ জনকে আটক করা হয় এবং দুই পুলিশ কর্মকর্তা আহত হন। ডাচ সরকার বলছে, অভিবাসন নীতি কঠোর করার দাবিতে ডানপন্থি কর্মীদের নেতৃত্বে এই বিক্ষোভ আয়োজন করা হয়েছিল।
ডাচ সংবাদ সংস্থা এএনপি জানিয়েছে, প্রায় দেড় হাজার বিক্ষোভকারী শহরের একটি মহাসড়ক অবরোধ করে রাখে। সংঘর্ষ চলাকালে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতিকে “অগ্রহণযোগ্য” আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী ডিক স্কোফ বলেন, “নির্লজ্জ সহিংসতার এমন দৃশ্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
বিক্ষোভে ডানপন্থি নেতা গির্ট উইল্ডার্সকে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলেও তিনি যাননি। বরং তিনি সামাজিক মাধ্যমে সহিংসতাকে নিন্দা জানিয়ে বলেন, “এটি মূর্খদের কাজ, একেবারেই অগ্রহণযোগ্য।” উল্লেখ্য, উইল্ডার্স গত নির্বাচনে জয়ী হয়েছিলেন এবং আগামী ২৯ অক্টোবরের ভোটের আগেও জরিপে এগিয়ে আছেন।
এ বিক্ষোভে অংশ নেওয়া অনেকে ডাচ পতাকা এবং উগ্র-ডানপন্থি সংগঠনের পতাকা হাতে নিয়ে পুলিশের মুখোমুখি হন। সংঘর্ষের সময় বাম দল ডি৬৬-এর প্রধান কার্যালয়ের জানালাও ভাঙচুর করা হয়। দলটির নেতা রব জেটেন বলেন, তাদের কার্যালয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, “রাজনৈতিক দলগুলোকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা উগ্র সহিংসতাকারীদের হাতে আমাদের দেশ ছেড়ে দেব না।” তবে কর্মকর্তারা জানান, ঘটনার সময় কার্যালয়ের ভেতরে কেউ ছিলেন না।

প্রসঙ্গত, অভিবাসন ইস্যুতেই নেদারল্যান্ডস সরকার ভেঙে পড়ে গত জুনে। কট্টর-ডানপন্থি পিভিভি দল শাসক জোট থেকে সরে যাওয়ার পর সংকট তৈরি হয়। উইল্ডার্স আশ্রয়প্রার্থীদের বিরুদ্ধে ১০টি অতিরিক্ত কঠোর ব্যবস্থা চাপিয়ে দিতে চেয়েছিলেন— যার মধ্যে আশ্রয়ের আবেদন স্থগিত, নতুন রিসেপশন সেন্টার বন্ধ এবং পরিবার পুনর্মিলন সীমিত করাও অন্তর্ভুক্ত ছিল। তথ্যসূত্র : বিবিসি


















