মেক্সিকোতে জনবহুল এলাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) বহনকারী একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন প্রাণ হারিয়েছেন এবং আরও অন্তত ৬০ জন আহত হয়েছেন। শুক্রবার এক সরকারি বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে, রাজধানী মেক্সিকো সিটির সবচেয়ে জনবহুল এলাকা ইজতাপালাপায়। প্রায় ৫০ হাজার লিটার এলপিজি বহনকারী ট্যাংকার ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সীমানা দেওয়ালে ধাক্কা খায়। এর সঙ্গে সঙ্গেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক তদন্তে বলা হয়েছে, চালকের অদক্ষতা ও অতিরিক্ত গতিই এই দুর্ঘটনার মূল কারণ।
বিস্ফোরণের মুহূর্তেই আগুন লেলিহান শিখায় রূপ নেয়। ট্রাকটির আশপাশে দাঁড়িয়ে থাকা অন্তত ৩০টি যানবাহনেও আগুন ধরে যায়। ঘটনাস্থলেই অন্তত ১০ জনের মৃত্যু হয়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৫ জন মারা যান। এভাবে মৃতের সংখ্যা দাঁড়ায় ২৫-এ। আহতদের মধ্যে এখনও ২১ জন হাসপাতালে ভর্তি আছেন; তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া চিকিৎসা শেষে ইতিমধ্যেই ৩৮ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এ দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে বিস্ফোরণের শব্দ পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক ফায়ার সার্ভিস কর্মী ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়। তথ্যসূত্র : রয়টার্স



















