রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল একযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে। এসব কর্মসূচি ঘিরে নগরীর ব্যস্ত এলাকায় জনসমাগম ও যানজটের আশঙ্কা করা হচ্ছে।
দলগুলো জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, অতীত সরকারের জুলুম ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের নিষিদ্ধকরণসহ কয়েক দফা দাবি তুলেছে। যদিও প্রতিটি দল ভিন্ন ভিন্নভাবে ৫ থেকে ৭ দফা কর্মসূচি ঘোষণা করেছে, তবে মূল দাবিগুলো অভিন্ন।
উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি নিরসনে কঠোর হওয়ার নির্দেশ উপদেষ্টার
তিন দিনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ঢাকায় বিক্ষোভ হবে। আগামীকাল শুক্রবার বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সব জেলা-উপজেলায় কর্মসূচি পালিত হবে।
আজকের কর্মসূচির সময়সূচি ও স্থান

জামায়াতে ইসলামী: বিকেল সাড়ে ৪টা, বায়তুল মোকাররম দক্ষিণ ফটকে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল। মিছিল শাহবাগ পর্যন্ত যেতে পারে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ: জোহর নামাজের পর, বায়তুল মোকাররম উত্তর প্রাঙ্গণে মিছিল। নেতৃত্বে থাকবেন নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
বাংলাদেশ খেলাফত মজলিস (মামুনুল হক নেতৃত্বাধীন): আসর নামাজের পর, বায়তুল মোকাররম উত্তর ফটকে মিছিল।
খেলাফত মজলিস (আহমদ আবদুল কাদের নেতৃত্বাধীন): বিকেল ৩টা, জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ।
বাংলাদেশ খেলাফত আন্দোলন: একই সময়ে, একই স্থানে বিক্ষোভ।
নেজামে ইসলাম পার্টি: বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাব এলাকায় কর্মসূচি।
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা): বিকেল সাড়ে ৪টা, বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল।
রাজধানীর কেন্দ্রস্থলে একযোগে সাত দলের বিক্ষোভে তীব্র যানজট তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে আজ ও আগামীকাল সকালে বিসিএস পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দলগুলো বিকেলে কর্মসূচি পালন করছে।


















