ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ৬:০৭ পূর্বাহ্ন

বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলামের ভিডিও কেলেঙ্কারি তদন্তে সত্যতা, বহিষ্কারের সুপারিশ

আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান শাহীনুল ইসলামের ভিডিও কেলেঙ্কারির ঘটনায় সত্যতা মিলেছে। তদন্ত কমিটি তাকে বহিষ্কারের সুপারিশ করেছে। রবিবার অর্থ মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কমিটির সদস্যরা।

গত আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে শাহীনুল ইসলামের কয়েকটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে সমালোচনা শুরু হলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের একাংশ গভর্নরের কাছে স্মারকলিপি দেন। তাদের অভিযোগ, শাহীনুল রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।

এ বিষয়ে সত্যতা যাচাইয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অতিরিক্ত সচিব সাঈদ কুতুবকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটির অন্য সদস্যরা হলেন—বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, আইসিটি বিভাগের পরিচালক মতিউর রহমান এবং অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সাইদুল ইসলাম।

ভিডিও কেলেঙ্কারির পরও শাহীনুল ইসলাম অফিসে যাওয়া অব্যাহত রাখেন। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিবাদ জানালে সরকারের নির্দেশে তাকে ছুটিতে থাকতে বলা হয়। এরপর থেকে আর কর্মস্থলে দেখা যায়নি।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের আন্দোলনের মুখে গত বছরের আগস্টে পদত্যাগে বাধ্য হন বিএফআইইউর তৎকালীন প্রধান মাসুদ বিশ্বাস। এরপর চলতি বছরের জানুয়ারিতে শাহীনুল ইসলাম নিয়োগ পান। গভর্নরের নেতৃত্বে গঠিত সার্চ কমিটি যে তিনজনের নাম সুপারিশ করেছিল, সেই তালিকায় তার নাম ছিল না, তবুও তিনি নিয়োগপ্রাপ্ত হন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ