পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলসের শেয়ারে সম্প্রতি বিনিয়োগকারীদের বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার কোম্পানিটির ১ টাকা ৪০ পয়সা বা ৯.৮৬ শতাংশ দর বেড়েছে। লেনদেনের এক পরযায়ে কোম্পানিটি বিক্রেতাশূন্য হয়ে পড়ে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫০৮ বারে ৬ লাখ ৬৫ হাজার ৩৪৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ২ লাখ টাকা।
গত ৫২ সপ্তাহে সাফকো স্পিনিংয়ের শেয়ার দর ৭ টাকা ৮০ পয়সা থেকে ১৫ টাকা ৬০ পয়সা পরযন্ত বৃদ্ধি পেয়েছে।
জানা গেছে, সাফকো স্পিনিং বর্তমানে ২১ কোটি ১ লাখ টাকা পুঞ্জীভূত লোকসানে রয়েছে। ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি ২০২৩ ও ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

বাজার সংশ্লিষ্টদের মতে, সম্প্রতি কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৩১ আগস্ট থেকে সাফকো স্পিনিং পুনরায় উৎপাদন শুরু করবে। এর ফলে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে।
এর আগে কোম্পানিটি গত ১৮ আগস্ট ডিএসইর মাধ্যমে জানায়, তাদের বাণিজ্যক উৎপাদন এখনও সম্পূর্ণ হয়নি। এ কারণে কোম্পানিটি আরও দুই সপ্তাহ উৎপাদন বন্ধ রাখবে। কোম্পানিটি ৩১ আগস্ট থেকে পুনরায় উৎপাদনে ফিরবে।
কোম্পানিটি জানায়, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং স্থানীয় বাজারে বস্ত্র খাতের কাঁচামালের উচ্চমূল্যের কারণে কোম্পানিটি তাদের লোকসান কাটিয়ে উঠতে পারেনি। এমতাবস্থায় কোম্পানির ম্যানেজমেন্টে এর আগে আড়াই মাস উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল।
উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি সাফকো স্পিনিংয়ের কারখানা পরিদর্শনে গিয়ে বন্ধ পায় ডিএসইর তদন্ত দল। এরপর ১২ ফেব্রুয়ারি সাফকো স্পিনিং কর্তৃপক্ষ জানায়, তারা কোম্পানির লোকসান কমানোর জন্য গত ১ ফেব্রুয়ারি উৎপাদন বন্ধ করে দিয়েছে। যা দুই মাস বন্ধ থাকবে। এরপরে পরিস্থিতির উন্নতি হলে, পূণরায় উৎপাদন শুরু করা হবে।


















