ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দৃঢ়ভাবে ঘোষণা করেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না। তিনি দেশকে পরাধীন করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন। খামেনির এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন ইরান নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে নতুন আলোচনায় বসতে যাচ্ছে।
সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, রোববার (২৪ আগস্ট) দেওয়া এক বক্তৃতায় খামেনি অভিযোগ করেন যে, গত জুনে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা দেশটিকে অস্থিতিশীল করার একটি পরিকল্পনার অংশ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য হলো ইরানকে নিজের ইচ্ছামতো চালানো এবং ওয়াশিংটনের ‘আনুগত্যে বাধ্য করা’। তবে ইরানি জনগণ সেনাবাহিনী, সরকার ও সামগ্রিক রাষ্ট্রীয় কাঠামোর পাশে দাঁড়িয়ে শত্রুদের শক্তিশালী আঘাত করেছে।
খামেনি আরও বলেন, বিদেশি শক্তিগুলো এখন ভেতর থেকে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এজেন্টরা ইরানি সমাজে বিভেদ তৈরির ষড়যন্ত্র করছে বলে তিনি অভিযোগ করেন। “শত্রুর মূল কৌশল হলো দেশে ফাটল ধরানো,” উল্লেখ করে তিনি দেশের ঐক্য ধরে রাখার আহ্বান জানান। খামেনি দেশবাসীর প্রশংসা করে বলেন, “আল্লাহর কৃপায় আজ দেশ ঐক্যবদ্ধ। মতপার্থক্য থাকলেও রাষ্ট্র, সামগ্রিক ব্যবস্থা ও শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের প্রসঙ্গে জনগণ একত্রিত হন।” তথ্যসূত্র : আল-আরাবিয়া


















