ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

২৪ ঘণ্টায় দেশে আরো ৫৫২ জন করোনা রোগী শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৫৫২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৭৯০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছেন আরো ৫ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫ জনে।

আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৬ হাজার ১৯৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয় ৫ হাজার ৮২৭টি। পরীক্ষা করা নমুনার মধ্যে ৫৫২ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো পাঁচজন মারা গেছেন।

এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১৭৫ জনে দাঁড়িয়েছে।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের আরো ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ১৭৭ জন সুস্থ হয়েছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ