ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন

ট্রাস্টির দায়িত্ব পালনে ব্যর্থতা, বিজিআইসিকে ১ কোটি টাকা জরিমানা

এএফসি হেলথ লিমিটেডে অবৈধভাবে বিনিয়োগ করা অর্থ ফেরত আনার জন্য ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আগামী ৩০ দিনের মধ্যে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড কর্তৃক পরিচালিত ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের তহবিলে ওই বিনিয়োগকৃত অর্থ ফেরত প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে ৯ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এদিকে মিউচ্যুয়াল ফান্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

গত মঙ্গলবার (২২ জুলাই) কমিশনের সভা কক্ষে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৬৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড (অ্যাসেট ম্যানেজার) কর্তৃক ব্যবস্থাপনাকৃত ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ফান্ড থেকে ২০১৭ সালে এএফসি হেলথ লিমিটেডের চার কোটি টাকা বিনিয়োগের ক্ষেত্রে সিকিউরিটিজ আইন লঙ্ঘিত হয়।

এরই পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ফান্ডের ইউনিটহোল্ডারদের স্বার্থ ক্ষুণ্ন হওয়ায় ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে ৩০ দিনের মধ্যে ৯ কোটি টাকা ওই ফান্ডে ফেরত প্রদানের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়। ওই অর্থ ফেরত প্রদানে ব্যর্থ হলে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে ১০ কোটি টাকা অর্থদণ্ড আরোপেরও সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, এ অনিয়ম হওয়ার পেছনে মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি হিসেবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যথাযথ তদারকি ও দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ফান্ডের ইউনিট হোল্ডারদের স্বার্থ ক্ষুণ্ন হওয়ায় ট্রাস্টি বিজিআইসিকে ১ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ