নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি জুটের গোডাউন ও গেঞ্জির কাপড়ের ছাপাখানা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার রাত দেড়টায় ফতুল্লার সস্তাপুর হযরত শাহের মাজার সংলগ্ন হৃদয় আহমেদের জুটের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টায় হঠাৎ হৃদয় আহমেদের জুটের গোডাউন থেকে আগুনের লেলিহান শিখা অনেক উপড়ে উঠে যায়। টের পেয়ে আশপাশের লোকজন গোডাউনের চার পাশ দিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এতে আগুন আরো বেড়ে গিয়ে জুটের গোডাউনের পাশে এমরান মিয়ার গেঞ্জির ছাপাখানায় ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসে ফোন করেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।



















