দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারধারী পরিচালক রকিবুর রহমান। তিনি আবার পরিচালক হয়েছেন সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডে (সিসিবিএল)। সিসিবিএল গঠন সংক্রান্ত সিকিউরিটিজ আইনে পরিচালক পদে ট্রেডিং পার্টিসিপ্যান্ট ও তাদের প্রতিনিধিদের অযোগ্য নির্ধারণের পরও রকিবুরকে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগটি প্রশ্নবিদ্ধ বলে মনে করছেন বিএসইসি,ডিএসই,সিএসই ও বাজার সংশ্লিষ্টরা।
প্রকাশিত এই সংবাদের ব্যাখ্যা দিয়েছে ডিএসই। ডিএসই থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকা এবং বেশ কিছু অন লাইন নিউজ পোর্টালে সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিঃ (সিসিবিএল) এর পরিচালক পদে মোঃ রকিবুর রহমানের নিয়োগ নিয়ে কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যা ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড কর্তৃপক্ষের দৃষ্টি গোচরে এসেছে।
বাংলাদেশ সিকিউরিট্জি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট) বিধিমালা, ২০১৭ এর তফসীল ২ এর বিধি ১৮(চ) অনুসারে কোন ট্রেডিং পার্টিসিপেন্টস অথবা তাদের প্রতিনিধি সিসিবিএল এর পরিচালক হতে পারবে না। ডিএসই’র পরিচালক মোঃ রকিবুর রহমান ডিএসইর ট্রেকহোল্ডার এবং শেয়ারহোল্ডার উভয় প্রতিনিধি ছিলেন। পরবর্তীতে তিনি ট্রেকহোল্ডার প্রতিনিধির দায়িত্ব ডিএসই’র নিয়মানুযায়ী হস্তান্তর করেন।
পরিবর্তনের ফলে রহমান বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জের শুধুমাত্র শেয়ারহোল্ডার প্রতিনিধি, ট্রেকহোল্ডার প্রতিনিধি নন। ডিএসই’র পূর্বতন পরিচালনা পর্ষদ ২ জন শেয়ারহোল্ডার পরিচালককে সিসিবিএল এর পরিচালনা পর্ষদে ডিএসই প্রতিনিধি হিসাবে মনোনীত করেন। মনোনয়নের প্রেক্ষিতে মোঃ রকিবুর রহমান সিসিবিএলের পরিচালক হিসেবে বিএসইসির অনুমোদন সাপেক্ষে দায়িত্বরত আছেন।


















