ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ৮:৫৫ পূর্বাহ্ন

দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় অপ্রীতিকর ঘটনা : বিএসইসি চেয়ারম্যান

পুঁজিবাজারে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কিছু কর্মকর্তা ও কর্মচারী অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছেন বলে অভিযোগ উঠেছে।

বিএসইসি গঠিত তদন্ত কমিটি ১২টি তালিকাভুক্ত কোম্পানির অনিয়ম খতিয়ে দেখে এখন পর্যন্ত ৭টি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এই প্রতিবেদনের ভিত্তিতে অভিযোগ গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে, যার আওতায় পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও বিএসইসির কিছু কর্মকর্তাও রয়েছেন।

এছাড়া, ২৫ বছর চাকরি পূর্ণ করায় কমিশনের নির্বাহী পরিচালক জনাব সাইফুর রহমানকে ৪ মার্চ ২০২৫ তারিখে বিধি মোতাবেক অবসর দেওয়া হয়।

কমিশন অবরুদ্ধ, বিক্ষুব্ধ কর্মকর্তাদের হাঙ্গামা

এই সিদ্ধান্তের প্রতিবাদে বিএসইসির কিছু কর্মকর্তা কমিশনের বোর্ডরুমে চলমান সভায় জোরপূর্বক প্রবেশ করেন এবং কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করেন। তারা মূল ফটকে তালা লাগিয়ে, সিসিটিভি ক্যামেরা বন্ধ করে ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন।

বিক্ষুব্ধ কর্মকর্তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও পেশিশক্তির প্রদর্শন করেন। এছাড়া, সদ্য যোগ দেওয়া চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী, যিনি সরকারের সিনিয়র সহকারী সচিব, তাকে লাঞ্ছিত করা হয়।

তাদের দাবি ছিল, তদন্ত প্রতিবেদন ও অবসর সংক্রান্ত সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে, নতুবা কমিশনকে পদত্যাগ করতে হবে। প্রায় চার ঘণ্টাব্যাপী এই অচলাবস্থার পর পুলিশ ও পরে সেনাবাহিনী বিএসইসি কার্যালয়ে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুর্নীতি বিরোধী অবস্থানের ফল প্রতিক্রিয়া?

বিএসইসি মনে করছে, বর্তমান কমিশন পুঁজিবাজারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় কিছু অসন্তুষ্ট কর্মকর্তা এই অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছেন।

পুঁজিবাজার সংশ্লিষ্ট মহলে এ ঘটনায় চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত রেখেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ