ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২:৫২ অপরাহ্ন

বাড়ি থেকে কাজের জন্য প্রয়োজনীয় পাঁচ গ্যাজেট

একটা সময় ছিল যখন বাড়ি থেকে কাজ করা বলতে বোঝাতো শুধু ফ্রিল্যান্সিং কিংবা বিশেষ কোনো পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা।

একটা সময় ছিল যখন বাড়ি থেকে কাজ করা বলতে বোঝাতো শুধু ফ্রিল্যান্সিং কিংবা বিশেষ কোনো পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা। কভিড মহামারীর পর ‘ওয়ার্ক ফ্রম হোম’ শব্দটি খুব সাধারণ হয়ে ওঠে। গত কয়েক বছরে এটি বিশ্বজুড়ে অনেকের জন্য স্বাভাবিক কাজের পদ্ধতিতে পরিণত হয়েছে। এখন অনেক প্রতিষ্ঠান কর্মীদের সপ্তাহে কয়েক দিন বাড়ি থেকে কাজ করার অনুমতি দেয়। কিছু কোম্পানি অফিস বন্ধ করেও খরচ কমাচ্ছে। আর দূর থেকে কাজের প্রক্রিয়াকে সহজ করে দিয়েছে প্রযুক্তি।

অনেকেই বলেন, বাড়ি থেকে কাজ করতে শুধু একটি কম্পিউটার ও ইন্টারনেট সংযোগই যথেষ্ট। প্রাথমিক পর্যায়ে ধারণাটি সঠিক হলেও দীর্ঘ সময় ধরে ঘরে বসে কাজ করতে গেলে মান বজায় ও আরামের জন্য কিছু বাড়তি গ্যাজেট দরকার হয়। যেমন—

ওয়্যারলেস মাউস

একটি ওয়্যারলেস মাউস কম্পিউটার ব্যবহার আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে পারে। ট্র্যাকপ্যাডের তুলনায় এটি মসৃণভাবে কাজ করে, বিশেষ করে স্ক্রলিংয়ের ক্ষেত্রে। ওয়্যারলেস মাউস হাত ও কবজির ওপর চাপ কমিয়ে বসার ভঙ্গি ঠিক রাখতেও সাহায্য করে। বিশেষ করে ছবি এডিটিংয়ের মতো কাজে যেখানে নিখুঁত নিয়ন্ত্রণ দরকার। অনেক মাউসে সাইলেন্ট-ক্লিক ফিচার থাকে, যা শান্ত পরিবেশে কাজের জন্য উপযোগী। আরেকটি সুবিধা হলো এর বহুমুখিতা—একটি ওয়্যারলেস মাউস কয়েকটি ডিভাইস, ল্যাপটপ, ডেস্কটপ ও ট্যাবলেটের সঙ্গে ব্যবহার করা যায়।

ল্যাপটপ স্ট্যান্ড

ল্যাপটপ স্ট্যান্ডের সবচেয়ে বড় সুবিধা হলো—এটি স্ক্রিনকে চোখের সমান্তরালে রাখতে সহায়তা করে, ফলে দীর্ঘক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকার কারণে ঘাড়ের ওপর চাপ পড়ে না। যারা একটু প্রতিকূল জায়গায় রিমোটলি কাজ করেন, তাদের জন্য এটি বিশেষভাবে উপকারী। কারণ এটি হালকা ও সহজে বহনযোগ্য।

ওয়্যারলেস কিবোর্ড

প্রযুক্তিসংশ্লিষ্টদের মতে, ওয়্যারলেস কিবোর্ড টাইপিং কার্যকর করে তোলে, বিশেষ করে ল্যাপটপ স্ট্যান্ড ব্যবহারের সময়। এটি হাতের অবস্থান ঠিক রাখে, ফলে কবজির ওপর চাপ কমে এবং বসার ভঙ্গি উন্নত হয়। হার্ডওয়্যারটি কম্পিউটার ও ট্যাবলেটসহ একাধিক ডিভাইসে সহজেই ব্যবহার করা যায়। এছাড়া ওয়্যারলেস কিবোর্ডে টাইপিং ল্যাপটপের বিল্ট-ইন কিবোর্ডের তুলনায় দ্রুত ও আরামদায়ক হতে পারে।

ওয়্যারলেস হেডফোন

ওয়্যারলেস হেডফোন অফিসের কাজসহ দৈনন্দিন জীবনেও সুবিধা এনে দেয়, বিশেষ করে যারা মনোযোগ ধরে রাখতে গান শুনতে ভালোবাসেন। এতে ওয়্যারড হেডফোনের মতো তারের জটলার ঝামেলা নেই। আবার কাজ ও ব্যায়ামের জন্য আলাদা হেডফোন কেনারও প্রয়োজন হয় না। এছাড়া টাইপ করার সময় তারে বারবার হাত লাগাটা বিরক্তির কারণ হতে পারে, সেটিও ওয়্যারলেস হেডফোন ব্যবহারে এড়ানো যায়। বিশেষ করে নয়েজ-ক্যানসেলিং হেডফোন আশপাশের শব্দ আটকে দেয়, ফলে কাজে মনোযোগ ধরে রাখা সহজ হয়।

এক্সটার্নাল হার্ড ড্রাইভ

কম্পিউটারের স্টোরেজ বাঁচিয়ে বড় ফাইল সংরক্ষণে একটি দুর্দান্ত সমাধান হতে পারে এক্সটার্নাল হার্ড ড্রাইভ। যেমন ফটোগ্রাফারদের ক্ষেত্রে ‘র’ ছবি সংরক্ষণ করলে দ্রুতই কম্পিউটারের জায়গা ফুরিয়ে যেতে পারে, আর ক্লাউড স্টোরেজ ধীরগতির ও ব্যয়বহুল হতে পারে। এ সমস্যার দ্রুত সমাধান করে এক্সটার্নাল হার্ড ড্রাইভ। এটি নির্ভরযোগ্য ও সহজে বহনযোগ্য স্টোরেজ সুবিধা দেয়। ফটোগ্রাফি, লেখালেখি বা ব্যাকআপের জন্য এটি ফাইল নিরাপদ ও সহজে সংরক্ষণের একটি ভালো উপায় হতে পারে।

—মেকইউজঅব অবলম্বনে

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ