ঢাকা, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

অ্যান্ড্রয়েডে ভয়েস রেকর্ডিংয়ের মান উন্নত করার চার উপায়

অ্যান্ড্রয়েড ফোন হতে পারে সেরা ভয়েস রেকর্ডিং টুল। তবে এর ডিফল্ট সেটিংস থেকে সর্বোত্তম মানের রেকর্ডিং নাও পাওয়া যেতে পারে।

অ্যান্ড্রয়েড ফোন হতে পারে সেরা ভয়েস রেকর্ডিং টুল। তবে এর ডিফল্ট সেটিংস থেকে সর্বোত্তম মানের রেকর্ডিং নাও পাওয়া যেতে পারে। প্রথমত কিছু রেকর্ড করার জন্য শান্ত পরিবেশ বেছে নিতে হয়, যাতে ব্যাকগ্রাউন্ড নয়েজ বাধা সৃষ্টি না করে। তাছাড়া ফোনে এক্সটার্নাল মাইক্রোফোন যুক্ত করে ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়া সম্ভব। পাশাপাশি ভালো মানের কোনো ভয়েস রেকর্ডার অ্যাপ ব্যবহারের মাধ্যমে সাউন্ড এডিটিংয়ের সাহায্যে কাঙ্ক্ষিত কোয়ালিটি নিশ্চিত করার সুযোগ রয়েছে। সব মিলিয়ে কিছু টিপস মেনে অ্যান্ড্রয়েড ফোন থেকেই উন্নত মানের রেকর্ডিং সম্ভব-

রেকর্ডিংয়ের জন্য অনুকূল পরিবেশ

অ্যান্ড্রয়েড ফোনে স্পষ্ট ও পরিষ্কার অডিও রেকর্ড করতে হলে নিরিবিলি পরিবেশ বেছে নিতে হবে। ট্রাফিকের মতো উচ্চ শব্দ এড়িয়ে চললে এডিটিংয়ের সময় খুব একটা ঝামেলা পোহাতে হবে না। নোটিফিকেশন ও কলের ঝামেলা থেকে মুক্তি পেতে রেকর্ড শুরু করার আগে ‘ডু নট ডিস্টার্ব’ মোড চালু করে নেয়া জরুরি। অনেক সময় ফোনের মাইক্রোফোনে ময়লা জমে অস্পষ্ট সাউন্ড রেকর্ড হতে পারে। এজন্য মাইক্রোফোনে ধুলোবালি জমেছে কিনা তা যাচাই করতে হবে। রেকর্ডিংয়ের সময় উৎস থেকে মাইক্রোফোন অন্তত ৬-১২ ইঞ্চি দূরে রাখলে শব্দের বিকৃতি এড়ানো যাবে। তবে সবচেয়ে ভালো হয় উইন্ডস্ক্রিনসহ এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করা।

সঠিক রেকর্ডিং মোড নির্বাচন

কিছু ভয়েস রেকর্ডার অ্যাপে রেকর্ডিং কোয়ালিটি নির্বাচন করা যায়। ২৫৬ কেবিপিএস নির্বাচন করলে উন্নত মানের রেকর্ডিং হবে। তবে এ ক্ষেত্রে স্টোরেজের প্রয়োজন বেশি। তাই ফোনে যথেষ্ট ফাঁকা স্টোরেজ আছে কিনা তা রেকর্ডিংয়ের আগে অবশ্যই দেখে নিতে হবে। ব্যক্তিগত নোট নেয়া বা সাধারণ কাজের জন্য রেকর্ডিংয়ের প্রয়োজন হলে স্ট্যান্ডার্ড মোড নির্বাচন করা যেতে পারে। তবে ইন্টারভিউ মোডে একাধিক মাইক্রোফোন ব্যবহারের প্রয়োজন হয়।

ব্যাকগ্রাউন্ড নয়েজ সরান

সঠিক মাইক্রোফোনের অবস্থানের পাশাপাশি নিরিবিলি পরিবেশ থাকা সত্ত্বেও রেকর্ডিংয়ের সময় পারিপার্শ্বিক শব্দ ও প্রতিধ্বনি ধারণ হতে পারে, যা উন্নত সাউন্ড কোয়ালিটিতে প্রভাব ফেলতে পারে। এর সমাধান করা যায় এডিটিংয়ের সময়। তবে এডিটিং সফটওয়্যারে ক্ষেত্রবিশেষে কাজটি বেশ কঠিন হতে পারে। কাজটি সহজে করতে পারে অ্যাডোবি এনহ্যান্স স্পিচের মতো এআই নয়েজ রিমুভাল টুল। এতে শুধু সাউন্ড ফাইলটি আপলোড করলেই বাকি কাজ স্বয়ংক্রিয়ভাবে হয়ে যায়। ফলাফলে স্পষ্ট ও স্বচ্ছ সাউন্ড পাওয়া যায়।

তৃতীয় পক্ষের অ্যাপ

অ্যান্ড্রয়েড ফোনের ডিফল্ট ভয়েস রেকর্ডার অ্যাপ সাধারণ রেকর্ডিংয়ের জন্য ভালো। তবে ভিডিও বা পডকাস্টের জন্য ভালো মানের সাউন্ড পেতে হলে তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার করাই শ্রেয়। এ ধরনের অ্যাপগুলোতে উচ্চ মানের রেকর্ডিং, নয়েজ রিডাকশন ও এডিটিং টুলের সুবিধা থাকে। এক্ষেত্রে ‘ডলবি অন’ ভালো বিকল্প হতে পারে, যা প্লে স্টোরে বিনামূল্যে পাওয়া যায়। অ্যাপটি উচ্চ মানের স্পষ্ট ডব্লিউএভি ফরম্যাটে রেকর্ড করতে সক্ষম, যা ব্যাকগ্রাউন্ড নয়েজ কমিয়ে দেয়। মেকইউজঅব অবলম্বনে

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ