ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১:১৩ অপরাহ্ন

ওপেনএআইয়ের প্রথম এআই এজেন্ট উন্মোচন

বেশ কিছুদিনের গুঞ্জনের পর অবশেষে নিজেদের প্রথম এআই এজেন্ট ‘অপারেটর’ উন্মুক্ত করেছে চ্যাটজিপিটির প্যারেন্ট কোম্পানি ওপেনএআই।

বেশ কিছুদিনের গুঞ্জনের পর অবশেষে নিজেদের প্রথম এআই এজেন্ট ‘অপারেটর’ উন্মুক্ত করেছে চ্যাটজিপিটির প্যারেন্ট কোম্পানি ওপেনএআই। অপারেটর এমন এক এআই সহকারী, যা মাত্র এক ক্লিকেই ব্যবহারকারীর জন্য ওয়েবের কাজ সম্পন্ন করতে পারে বলে দাবি কোম্পানিটির। খবর টেকরাডার।

অপারেটর মূলত একটি কম্পিউটার ইউজিং এজেন্ট (সিইউএ), যা জিপিটি-ফোরওয়ের ভিজুয়াল দক্ষতা ব্যবহার করে ওয়েব ব্রাউজ ও অনুসন্ধান করতে পারে। এর অর্থ হলো, এটি কী অনুসন্ধান করতে হবে তা সহজেই বুঝতে পারে এবং এর মাল্টিমোডাল ক্ষমতার জন্য এটি অনুসন্ধানের সময় যা দেখে, তা বোঝার সক্ষমতা রাখে। বর্তমানে যুক্তরাষ্ট্রের চ্যাটজিপিটি প্রো সাবস্ক্রাইবাররা এআই এজেন্টটি ব্যবহার করতে পারছেন।

অপারেটর নিজস্ব ওয়েব ব্রাউজার ব্যবহার করে ঠিক মানুষের মতোই ব্যবহারকারীর জন্য কাজ করতে পারে। ওপেনএআইয়ের প্রদর্শিত ডেমোতে অপারেটরকে মানুষের মতো ওয়েব ব্রাউজ করতে দেখা গেছে। এআই এজেন্টটিকে ডিনারের জন্য টেবিল বুক করা, দীর্ঘ ফর্ম পূরণ, কেনাকাটার অর্ডার করা, এমনকি ফ্লাইট বুক করতেও বলা যাবে। ডেমোতে দেখা গেছে, এটি অনলাইন রেস্তোরাঁ বুকিং পরিষেবা ওপেনটেবল ব্যবহার করে রেস্তোরাঁয় বুকিং করতে পারে। তাছাড়া কাজ করার সময় প্রতিটি ধাপ ব্যাখ্যা করে জানিয়ে থাকে অপারেটর।

গবেষণা প্রিভিউ হিসেবে উন্মুক্ত করায় সহজেই অনুমান করা যায় যে অপারেটর এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ওপেনএআই এক্ষেত্রে কিছু সীমাবদ্ধতার সঙ্গে পরীক্ষা করছে। যদিও সবাই এখনো এটি ব্যবহারের সুযোগ পাননি, বিশ্লেষকরা অপারেটর থেকে আশাব্যঞ্জক প্রত্যাশা রাখছেন। এটি এআই এজেন্টের জগতে ওপেনএআইয়ের প্রথম পদক্ষেপ, যা সম্ভবত এ বছর কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে একটি বড় বিষয় হতে যাচ্ছে।

ওপেনএআই ব্লগ পোস্টে বলেছে, অপারেটর তাদের প্রথম এআই এজেন্টগুলোর একটি, যা নিজের মতো করে ব্যবহারকারীদের জন্য কাজ করতে পারে। কাজের নির্দেশ অনুযায়ী এটি সম্পন্ন করবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ