ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ৪:২৮ অপরাহ্ন

২০২৪ সালে বন্ধ গুগলের সাত পণ্য: কৌশলগত পুনর্গঠনে টেক জায়ান্ট

গুগল প্রযুক্তি দুনিয়ায় বিপ্লব ঘটালেও তাদের সব পণ্য টিকিয়ে রাখা সম্ভব হয়নি। ব্যবহারকারীর চাহিদা, প্রতিযোগিতা, এবং কৌশলগত পুনর্গঠনের কারণে ২০২৪ সালে প্রতিষ্ঠানটি সাতটি পণ্য বন্ধ করে। জনপ্রিয় অনেক টুলও এই তালিকায় রয়েছে।

বন্ধ হওয়া পণ্যগুলো:

১. কিন
২০২০ সালে চালু হওয়া পিন্টারেস্ট-অনুপ্রাণিত এই প্ল্যাটফর্মটি ভার্চুয়াল আইডিয়া বোর্ড তৈরির সুযোগ দিত। তবে ২০২১ সালের পর হালনাগাদ না হওয়া এবং প্রতিযোগিতায় পিছিয়ে পড়ায় ২০২৪ সালের মার্চে এটি বন্ধ হয়।

২. গুগল পডকাস্টস
২০১৮ সালে চালু হওয়া গুগল পডকাস্টস ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হলেও ইউটিউব মিউজিকে পডকাস্ট চালুর পর গুরুত্ব হারায়। এপ্রিলে এটি বন্ধ করে গুগল ইউটিউব মিউজিকের মাধ্যমে পডকাস্ট সেবা অব্যাহত রাখে।

৩. ড্রপক্যাম
২০০৯ সালে চালু হওয়া এবং পরে নেস্ট ল্যাবসের অধীনে আসা এই ক্যামেরা পণ্যটি সহজ সেটআপের জন্য পরিচিত ছিল। ২০২৪ সালের এপ্রিলে এটি বন্ধ করে গুগল নেস্ট ক্যামের মতো উন্নত পণ্যে মনোযোগ দেয়।

৪. গুগল ওয়ান ভিপিএন
২০২০ সালে প্রিমিয়াম গ্রাহকদের জন্য চালু হওয়া ভিপিএন সেবা ব্যবহারকারীর কম আগ্রহের কারণে ২০২৪ সালের জুনে বন্ধ হয়। গুগল ভিপিএন বাদ দিয়ে ওয়ানের অন্যান্য জনপ্রিয় ফিচারে উন্নতি আনতে মনোযোগ দেয়।

৫. ক্রোমকাস্ট
দশ বছরেরও বেশি সময় ধরে ১০ কোটির বেশি বিক্রি হওয়া এই কাস্টিং ডিভাইসটি ২০২৪ সালের আগস্টে বন্ধ করা হয়। এর জায়গায় উন্নত ফিচারযুক্ত এবং এআই সমর্থিত নতুন গুগল টিভি স্ট্রিমার চালু করা হয়।

৬. জ্যামবোর্ড
২০১৬ সালে চালু হওয়া ৪কে টাচস্ক্রিন হোয়াইটবোর্ডটি মূলত ব্যবসা ও শিক্ষা ক্ষেত্রে ব্যবহৃত হতো। প্রতিযোগিতায় পিছিয়ে পড়ায় ২০২৪ সালের অক্টোবরে এটি বাজার থেকে তুলে নেয়া হয়।

৭. জ্যামবোর্ড অ্যাপ
জ্যামবোর্ডের অংশ হিসেবে চালু হওয়া এই অ্যাপটি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর বন্ধ হয়। গুগল এর বদলে ওয়ার্কস্পেস সেবাগুলোর উন্নয়নে মনোযোগ দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, গুগল সময়োপযোগী পরিবর্তনের জন্য পণ্য বাতিলের মাধ্যমে কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা দেখিয়েছে। তবে এসব পণ্য ব্যবহারকারীদের স্মৃতিতে থেকে যাবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ