ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ৪:১৮ পূর্বাহ্ন

সন্ধান মিলল গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের

জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ছয় মরদেহের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’।

আজ শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, অনুসন্ধানে ঢাকা মেডিকেলে গণঅভ্যুত্থানে নিহত অশনাক্ত ছয়টি মরদেহ আছে বলে জানতে পারে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল।

তারা আরও জানান, সকালে সেলের একটি টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য শাহবাগ থানায় যায়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর ছয়টি লাশ এখনও হিমাগারে থাকার তথ্য নিশ্চিত করেন। লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মর্গে আছে বলে জানান তিনি ।

মর্গে থাকা মরদেহের মধ্যে রয়েছে অজ্ঞাতনামা পুরুষ (২০), অজ্ঞাতনামা পুরুষ (২৫), অজ্ঞাতনামা পুরুষ (২২), অজ্ঞাতনামা মহিলা (৩২), অজ্ঞাতনামা পুরুষ (৩০) ও এনামুল (২৫)।

জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের নেতারা জানান, মরদেহগুলোর ডিএনএ ও পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। এ মুহূর্তে মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে।

কারও পরিবারের সদস্য মিসিং থাকলে ০১৬২১৩২৪১৮৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের নেতারা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ