বিশ্বের শীর্ষস্থানীয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ক্রমাগত জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। মেটার সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, বর্তমানে হোয়াটসঅ্যাপের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২৯৫ কোটির বেশি। প্রযুক্তিবিদদের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ এই সংখ্যা ৩১৪ কোটিতে পৌঁছাতে পারে।
২০০৯ সালে আইওএস এবং পরের বছর অ্যান্ড্রয়েডে যাত্রা শুরু করে হোয়াটসঅ্যাপ। ২০১৪ সালে মেটা (তৎকালীন ফেসবুক) এটি ১ হাজার ৯০০ কোটি ডলারে অধিগ্রহণ করে। সে সময় প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারী ছিল প্রায় ৪৫ কোটি। গত এক দশকে ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে অভূতপূর্বভাবে—৩ হাজার ৫০০ শতাংশের বেশি।
বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য সহজ, দ্রুত, এবং সুরক্ষিত যোগাযোগ মাধ্যম হিসেবে হোয়াটসঅ্যাপ তার অবস্থান মজবুত করেছে। প্ল্যাটফর্মটি নিয়মিত নতুন ফিচার যোগ করে প্রতিযোগিতামূলক বাজারে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলছে।


















