ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন

সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে: ড. মুহাম্মদ ইউনূস

সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একই সঙ্গে চলবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতির দায়িত্ব নির্বাচন কমিশনের, তবে সংস্কারের কাজে সকল নাগরিকের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

জাতীয় সংলাপে প্রধান উপদেষ্টার আহ্বান

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় সংলাপে ভিডিও বার্তায় উদ্বোধনী বক্তব্য দেন ড. ইউনূস। এই সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ (এফবিএস)।

তিনি বলেন, “ভোটারদের পাশাপাশি ভবিষ্যৎ ভোটারদেরও সংস্কারের কাজে যুক্ত হতে হবে। এটি শুধু নির্বাচন নয়, বরং একটি নতুন বাংলাদেশ গঠনের পথ।”

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ

গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন, তাদের অবদান জাতি কখনো ভুলবে না। জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন বা আহত হয়েছেন, তাদের প্রতি আমাদের ঋণ শোধের কোনো উপায় নেই। নতুন বাংলাদেশ গঠনে তাদের আত্মত্যাগ আমাদের প্রেরণা হয়ে থাকবে।”

ড. ইউনূস আরও বলেন, “বাংলাদেশ রূপান্তরের পথে প্রবেশ করেছে। আমাদের লক্ষ্য দ্রুত এই রূপান্তর কার্যকর করা। পেছনে ফেরার সুযোগ নেই।”

প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান

নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, “সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলবে। নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এই পরিবর্তনের সঙ্গে নিজেদের যুক্ত রাখা।”

সংলাপটি ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়ার লক্ষ্যে আয়োজন করা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ