ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন

উচ্চতা বাড়ল এভারেস্টের

পৃথিবীর উচ্চতম শৃঙ্গ এভারেস্টের উচ্চতা ক্রমেই বাড়ছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্ক চলছে নেপাল ও চীনের মধ্যে। অবশেষে নেপাল ও চীনের যৌথ সংবাদ সম্মেলনে এভারেস্টের উচ্চতা নিয়ে উভয় দেশ একমত হয়েছে। মঙ্গলবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা পর্বতশৃঙ্গটির উচ্চতা ৮ হাজার ৮৪৮ দশমিক ৮৬ মিটার নিয়ে একমত হন। অর্থাৎ শূন্য দশমিক ৮৬ মিটার উচ্চতা বেড়েছে শৃঙ্গটির। বিবিসি।

২০১৯ সালে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং যখন নেপাল সফরে এসেছিলেন, তখনই মাউন্ট এভারেস্টের উচ্চতা নতুন করে মাপার প্রক্রিয়া আলোচিত হয়েছিল। এরপর এই কাজে একসঙ্গে যোগ দেয় নেপাল ও চীন। এ বছর কিছু দিন আগেই উচ্চতা মাপার এই কাজ শেষ হয়। তবে তারপর থেকে ঘোষণা করা হয়নি কিছু। তবে এভারেস্ট আগে থেকেই এতটা উঁচু, নাকি ২০১৫ সালের ভূমিকম্পের পর এর উচ্চতা বৃদ্ধি পেয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

১৯৫৪ সালে ভারতের ব্যবস্থাপনায় এভারেস্টর উচ্চতা পরিমাপ করা হয়। ওই হিসাব অনুযায়ী, নেপাল এত দিন এভারেস্টের উচ্চতা উল্লেখ করত ৮ হাজার ৮৪৮ মিটার। চীন ২০০৫ সালে উচ্চতা পরিমাপ করে এভারেস্টের উচ্চতা জানিয়েছিল ৮ হাজার ৮৪৪ দশমিক ৪৩ মিটার বা ২৯ হাজার ১৭ ফুট।

উল্লেখ্য, এভারেস্টের উচ্চতা প্রথমবার মাপা হয়েছিল ১৮৫৫ সালে। তখন এভারেস্টের উচ্চতা ছিল ২৯ হাজার ২ ফুট বা ৮ হাজার ৮৪৮ মিটার।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ