গুগল অ্যান্ড্রয়েড ছাড়াও চালু করেছে নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড এক্সআর, যা এক্সটেন্ডেড রিয়েলিটি (এক্সআর) এবং স্মার্ট চশমার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এই অপারেটিং সিস্টেমে যুক্ত হচ্ছে গুগলের জেমিনি এআই, যা মিক্সড রিয়েলিটি হেডসেট, স্মার্ট চশমা, অগমেন্টেড রিয়েলিটি (এআর) এবং ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) ডিভাইসগুলোতে সমর্থন দেবে।
অ্যান্ড্রয়েড এক্সআর-এর ফিচার ও সুবিধা
গুগলের এই নতুন অপারেটিং সিস্টেমে জেমিনি এআই অ্যাসিস্ট্যান্ট অন্তর্ভুক্ত থাকবে, যা ব্যবহারকারীদের সঙ্গে কথোপকথনের পাশাপাশি বস্তু বা অবস্থান সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে পারবে।
এছাড়া সার্কেল টু সার্চ ফিচারের মাধ্যমে ছবির নির্দিষ্ট অংশের চারপাশে চিহ্ন এঁকে তার সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।
ডেভেলপারদের জন্য প্রিভিউ রিলিজ
গত বৃহস্পতিবার গুগল অ্যান্ড্রয়েড এক্সআর-এর প্রথম ডেভেলপার প্রিভিউ প্রকাশ করেছে। এটি ডেভেলপারদের জন্য বিশেষভাবে তৈরি, যাতে তারা এই নতুন অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে অ্যাপ্লিকেশন ও গেম তৈরি করতে পারেন। এটি অ্যান্ড্রয়েড স্টুডিও, জেটপ্যাক কম্পোজ, এআরকোর, ওপেনএক্সআর এবং ইউনিটির মতো টুল সমর্থন করে।
অ্যান্ড্রয়েড এক্সআর বনাম অ্যাপলের ভিশন ওএস
গুগলের অ্যান্ড্রয়েড এক্সআর অপারেটিং সিস্টেম এমন সময়ে এসেছে, যখন অ্যাপল সম্প্রতি ভিশন ওএস চালু করেছে, যা অ্যাপল ভিশন প্রো ডিভাইসের জন্য তৈরি। গুগল ও অ্যাপলের এই প্রতিযোগিতামূলক উদ্ভাবন স্মার্ট ডিভাইস এবং এক্সআর প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করবে।
গুগলের এই নতুন ফিচার প্রযুক্তি বিশ্বে এক্সটেন্ডেড রিয়েলিটির অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে বলে ধারণা করা হচ্ছে।



















