ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর আশা মিরাজের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দলের ব্যাটিং ছিল প্রশংসনীয়। তবে বোলারদের ব্যর্থতায় ২৯৪ রানের সংগ্রহও জয় নিশ্চিত করতে পারেনি টাইগাররা। ম্যাচের পর অধিনায়ক মেহেদি হাসান মিরাজ জানিয়েছেন, এই হারের ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।

সেন্ট কিটসে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান তোলে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন অধিনায়ক মিরাজ। তবে ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী ব্যাটিং লাইনআপ, বিশেষ করে শাই হোপ ও শেরফেন রাদারফোর্ডের অসাধারণ ব্যাটিং, বাংলাদেশের জয়ের স্বপ্ন ভেঙে দেয়। ৪৭.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় পায় স্বাগতিক দল।

মিরাজ ম্যাচ শেষে বলেন, “আমরা ব্যাটিংয়ে ভালো করেছি। এমন পিচে ২৯৪ রানের সংগ্রহ সন্তোষজনক। তবে মাঝের ওভারে বোলিংয়ে ছন্দ হারিয়েছি। এটা থেকে শিখে পরবর্তী ম্যাচে ভালো করার চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “নাহিদ, তাসকিন ও তানজিম ভালো শুরু করেছিল। কিন্তু মধ্যভাগে আমরা উইকেট নিতে পারিনি। এখনও সিরিজে দুটি ম্যাচ বাকি, তাই ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে।”

ব্যাটিং পারফরম্যান্সে সন্তুষ্ট থাকলেও বোলিংয়ে উন্নতির ওপর জোর দিয়েছেন মিরাজ। দ্বিতীয় ম্যাচে ভুল শোধরানোর আশায় মাঠে নামতে প্রস্তুত টাইগাররা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ