ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

মাঠেই জ্ঞান হারিয়ে হাসপাতালে ফিওরেন্টিনার মিডফিল্ডার বোভে

ইতালিয়ান সিরিআ–র চলতি মৌসুমে জমজমাট এক ম্যাচে ঘটে গেল দুঃখজনক ঘটনা। ফিওরেন্টিনা ও ইন্টার মিলানের হাইভোল্টেজ ম্যাচে ১৭ মিনিটের মাথায় ফিওরেন্টিনার ইতালিয়ান মিডফিল্ডার এদুয়ার্ডো বোভে মাঠে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন।

ভিএআর চেকের সময় খেলা বন্ধ থাকায় বোভে জুতোর ফিতা বাঁধতে নিচু হলে আকস্মিকভাবে মাটিতে পড়ে যান। তার সতীর্থ ও প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা দ্রুতই ফিজিওদের ডাকেন। মেডিকেল টিম মাঠে উপস্থিত হয়ে বোভেকে প্রাথমিক চিকিৎসা দেয়। ইউরোপীয়ান রীতি অনুযায়ী, দুই দলের খেলোয়াড়রা মানবদেয়াল তৈরি করে বোভেকে ঘিরে রাখেন।

মাঠেই তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্কাই ইতালিয়ার রিপোর্ট অনুযায়ী, অ্যাম্বুলেন্সে জ্ঞান ফিরলেও হাসপাতাল পৌঁছানোর পর তাকে মেডিক্যালি ইনডিউসড কোমায় রাখা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মস্তিষ্কে চাপ কমাতে এটি একটি নিয়মিত প্রক্রিয়া।

বর্তমানে বোভেকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ২৪ ঘণ্টা পর তার শারীরিক অবস্থার পরবর্তী আপডেট জানানো হবে। এ ঘটনার প্রভাব এতটাই গভীর ছিল যে, মানসিক চাপের কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, রোমা থেকে ফিওরেন্টিনায় ধারে খেলতে আসা বোভে চলতি মৌসুমে ১১ ম্যাচে একটি গোল করেছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ