ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৫:১৮ অপরাহ্ন

জরুরি প্রয়োজনে মোবাইল নেটওয়ার্কের মান উন্নত করার কার্যকর উপায়

খুব জরুরি ফোনকল করতে হবে। ফোন হাতে নিয়ে দেখা গেল নেটওয়ার্ক সিগন্যাল ওঠানামা করছে।

খুব জরুরি ফোনকল করতে হবে। ফোন হাতে নিয়ে দেখা গেল নেটওয়ার্ক সিগন্যাল ওঠানামা করছে। কল করার সময় বারবার কেটেও যাচ্ছে। কিন্তু কল না করলে বড় বিপদ হতে পারে। এ ধরনের পরিস্থিতিতে ফোন রিস্টার্ট দেয়ার মতো ছোট কাজ করে মোবাইল নেটওয়ার্ক তুলনামূলক উন্নত করা সম্ভব। জরুরি প্রয়োজনে যেভাবে মোবাইল নেটওয়ার্ক উন্নত করা যাবে

অবস্থান পরিবর্তন: মোবাইল নেটওয়ার্ক ঝামেলা করলে নির্দিষ্ট একটি জায়গায় থেকে বারবার কলিংয়ের চেষ্টা উচিত নয়। কারণ ফোনের রিসিভার ও টাওয়ারের মাঝে বড় ধরনের বাধা থাকলে এ ধরনের সমস্যা হয়। অনেক সময় ধাতব বস্তুর আশপাশে থেকে মোবাইল ব্যবহার করলে নেটওয়ার্ক ওঠানামা করতে পারে। তখন তুলনামূলক ফাঁকা জায়গায় গিয়ে চেষ্টা করা যেতে পারে। ঘরে থাকলে জানালার কাছ থেকে উন্নত নেটওয়ার্ক পাওয়ার সম্ভাবনা বেশি।

ফোন কেস অপসারণ: ফোনের কেস যদি মোটা হয়, তাহলে অবশ্যই তা খুলে চেষ্টা করা যেতে পারে। কারণ মোটা কেসগুলোর ক্ষেত্রে ফোনের অ্যান্টেনা ব্লক করে দেয়ার সম্ভাবনা কিছুটা হলেও থাকে। তাছাড়া ফোন গরম হয়েও নেটওয়ার্কসহ অন্যান্য সমস্যার সৃষ্টি করতে পারে।

পর্যাপ্ত চার্জ রাখা: স্থিতিশীল নেটওয়ার্কের খোঁজে ফোন যে প্রক্রিয়া চালায় তাতে ব্যাটারির চার্জ দ্রুত খরচ হয়। এক্ষেত্রে পর্যাপ্ত চার্জ না থাকলে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেজন্য চার্জ কম থাকলে আগে চার্জিংয়ের ব্যবস্থা নিশ্চিত করে এরপর কলিংয়ের চেষ্টা করা জরুরি।

এয়ারপ্লেন মোড অন-অফ: মোডটি অন-অফ করার মাধ্যমে দ্রুত দুর্বল মোবাইল নেটওয়ার্ক সমস্যার সমাধান করা যেতে পারে। এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে নেটওয়ার্ক পেতে তুলনামূলক সমস্যা হওয়া স্বাভাবিক। এ অবস্থায় মোডটি প্রথমে বন্ধ করে পুনরায় চালু করলে মোবাইল নেটওয়ার্ক, ওয়াই-ফাই ও ব্লুটুথ মডেম পুনরায় চালু হয়। এতে উন্নত নেটওয়ার্ক পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। মোটামুটি সব ফোনের নোটিফিকেশন প্যানেল থেকে মোডটি পাওয়া যাবে।

ফোন রিস্টার্ট: ফোনের ব্যাকগ্রাউন্ডে একাধিক অ্যাপ চললে অনেক চাপ পড়তে পারে। তাছাড়া ফোন চালু থাকা অবস্থায় কোনো কাজ না করলেও কিছু বিষয় চলতে থাকে। ফোন ঠিকমতো কাজ না করলে বা গতি কমে গেলে অনেক সময় রিস্টার্ট দেয়ার মাধ্যমে এর সমাধান করা হয়। নেটওয়ার্ক সমস্যায়ও কাজটি করা যেতে পারে। সাধারণত সব অ্যান্ড্রয়েড ডিভাইসে রিস্টার্ট অপশন বা বাটন থাকে। আইফোনের ক্ষেত্রে প্রথমে বন্ধ করে পুনরায় চালু করা যেতে পারে।

সিমকার্ড খুলে লাগানো: মোবাইল নেটওয়ার্ক সমস্যায় সিমকার্ড খুলে পুনরায় লাগানো হতে পারে বড় সমাধান। অনেক সময় সিমকার্ডে ময়লা জমতে পারে। এজন্য নেটওয়ার্কে সমস্যা হয়। সিমকার্ড খুলে ভালোভাবে পরিষ্কার করে আবার লাগালে আগের চেয়ে ভালো নেটওয়ার্ক পাওয়া যেতে পারে। ক্ষেত্রবিশেষে সিমকার্ড পরিবর্তনের প্রয়োজন হতে পারে। যদি ফোনে ই-সিম থাকে, তাহলে নেটওয়ার্ক প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন হবে।

সিনেট অবলম্বনে

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ